২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাইবান্ধায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২

যাত্রীবাহী একটি বাস আরেকটি বাসকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা অটোভ্যানকে চাপা দেয় বলে জানায় পুলিশ।

গাইবান্ধায় বাসচাপায় ভ্যানচালকসহ নিহত ২
গাইবান্ধার পলাশবাড়ীতে বাসচাপায় দুমড়েমুচড়ে যাওয়া ব্যাটারি চালিত অটোভ্যান।

গাইবান্ধা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Aug 2024, 06:00 PM

Updated : 26 Aug 2026, 10:21 AM

গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় বাসচাপায় ব্যাটারি চালিত অটোভ্যান চালকসহ দুই জনের প্রাণ গেছে; এতে আহত হয়েছেন অপর এক যাত্রী।

বুধবার সকাল সাড়ে ১০টার দিকে গাইবান্ধা-পলাশবাড়ী আঞ্চলিক মহাসড়কে উপজেলার ঢোলভাঙা সাকোয়া মাঝিপাড়া এলাকার এ ঘটনা ঘটে বলে জানান পলাশবাড়ী থানার ওসি কে এম আজমিরুজ্জামান।

নিহতরা হলেন- গাইবান্ধা সদর উপজেলার শুংশুংগির মোড় এলাকার তাহেরুল ইসলামের ছেলে রেজাউল ইসলাম (৩৫) এবং পলাশবাড়ী উপজেলার হোসেনপুর ইউনিয়নের করতোয়াপাড়া এলাকার মানিক মিয়ার ছেলে ভ্যানচালক রুবেল মিয়া (৪০)।

পলাশবাড়ী থানার এসআই খোরশেদ আলম জানান, ঢাকা থেকে ছেড়ে আসা জান্নাত পরিবহনের যাত্রীবাহী একটি বাস গাইবান্ধার দিকে যাচ্ছিল। পথে অপর একটি যাত্রীবাহী বাস ওই বাসটিকে অতিক্রম করার সময় বিপরীত দিক থেকে আসা একটি অটোভ্যানকে চাপা দেয়।

এতে ভ্যানটি দুমড়েমুচড়ে ঘটনাস্থলেই দুইজন মারা যান। আহত একজনকে উদ্ধার করে পলাশবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করায় স্থানীয়রা।

খবর পেয়ে পুলিশ দুজনের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাইবান্ধা জেনারেল হাসপাতাল মর্গে পাঠায়।

ওসি আজমিরুজ্জামান জানান, বাসটি জব্দ করা হয়েছে। তবে চালক ও তার সহকারী পালিয়ে গেছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।