Published : 19 Apr 2026, 01:41 PM
কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় ৭৬ কেজি গাঁজাসহ এক মাদক বিক্রেতাকে আটকের খবর জানিয়েছে র্যাব।
রোববার ভোর ৪টার দিকে নাওডাঙ্গা ইউনিয়নের পূর্ব ফুলমতি গ্রামে এ অভিযান চালানো হয় বলে রোববার র্যাব-১৩ এর অতিরিক্ত পুলিশ সুপার সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) বিপ্লব কুমার গোস্বামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
আটক ৫০ বছর বয়সী আতিকুর রহমান নয়ন ওই গ্রামের ফজলুল হকের ছেলে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপন সংবাদে মাদক বিক্রেতা আতিকুর রহমান নয়নের বসতবাড়িতে অভিযান চালায় র্যাব। পরে সেখানে তল্লাশি চালিয়ে তার শোবার ঘরের খাটের নিচ থেকে ৭৬ কেজি গাঁজা জব্দ এবং নয়নকে আটক করা হয়।
আটক নয়ন ও জব্দ করা গাঁজা ফুলবাড়ি থানায় হস্তান্তর করা হয়েছে জানিয়ে র্যাব কর্মকর্তা বিপ্লব কুমার গোস্বামী বলেন, “মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা এবং অভিযান অব্যাহত রয়েছে।”
ফুলবাড়ি থানার ওসি মাহমুদ হাসান নাঈম বলেন, নয়নকে রোববার বিকালের মধ্যে মাদকের মামলায় কুড়িগ্রাম চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে তোলা হবে।