১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সিলেটের উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার

সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর থেকে অভিযান চালাচ্ছে যৌথবাহিনী।

সিলেটের উৎমাছড়া থেকে লুট হওয়া ২ লাখ ঘনফুট পাথর উদ্ধার
সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে লুট হওয়া পাথর উদ্ধার।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Aug 2025, 08:56 PM

Updated : 26 Aug 2026, 01:36 PM

সিলেটের কোম্পানীগঞ্জ উপজেলার সীমান্তবর্তী পর্যটনকেন্দ্র উৎমাছড়া থেকে লুট হওয়া প্রায় দুই লাখ ঘনফুট পাথর জব্দ করেছে বিজিবি।

মঙ্গলবার সকালে উপজেলার আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে মজুদ করে রাখা এসব পাথর উদ্ধার করা হয় বলে জানান বিজিবি সিলেট-৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাজমুল হক।

বিজিবি জানায়, কয়েক বছর ধরে স্থানীয় কিছু অসাধু উৎমাছড়া থেকে অবৈধভাবে পাথর উত্তোলন করে আদর্শপাড়া গ্রামের বিভিন্ন স্থানে পাচারের উদ্দেশে মজুদ করে আসছিল।

বিজিবির কঠোর নজরদারি, অনুন্নত যোগাযোগ ব্যবস্থা ও অসাধু চক্রের দ্বন্দ্বের কারণে মজুদ করা পাথর পাচার করতে ব্যর্থ হয়েছে তারা।

গোপন খবর পেয়ে সকালে সিলেট জেলা প্রশাসনের সহকারী কমিশনার ইব্রাহিম ইকবাল চৌধুরীর নেতৃত্বে স্থানীয় প্রশাসন, বিজিবি ও পুলিশের সমন্বয়ে যৌথবাহিনী অভিযান চালিয়ে প্রায় দুই লাখ ঘনফুট পাথর উদ্ধার করেছে বলে জানান লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হক।

এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের কার্যক্রম চলমান রয়েছে বলে জানান বিজিবির এই কর্মকর্তা। 

কোম্পানীগঞ্জের ভোলাগঞ্জের সাদাপাথর পর্যটনকেন্দ্রের পাথর লুটের পর থেকে যৌথবাহিনীর সাঁড়াশি অভিযান চলছে। সাদাপাথর ছাড়াও অভিযান চলছে গোয়াইনঘাট উপজেলার জাফলং, রাংপানি ও লোভাছড়ায়।

আরও পড়ুন-

'সাদাপাথর লুট': এবার ধান ক্ষেত থেকে পাথর উদ্ধার

সাদাপাথর: বাসা-বাড়ি-মিল থেকে আরও আড়াই লাখ ঘনফুট পাথর উদ্ধার

জাফলং থেকে পাথর লুটের ঘটনায় মামলা, আসামি অজ্ঞাত পরিচয়

পাথর লুটের অভিযোগে কোম্পানীগঞ্জে মামলা

সাদা পাথর: বদলে গেল সিলেটের ডিসি, দায়িত্ব পেলেন সেই সারওয়ার আলম