২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে বাড়ির পাশে বাঁশঝাড়ে পড়েছিল নারীর লাশ

জর্ডানে প্রায় পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে এক থেকে দেড় বছর আগে রেহানা দেশে ফেরেন বলে জানান স্বজনরা।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Apr 2026, 04:03 PM

Updated : 26 Aug 2026, 03:28 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বাঁশঝাড় থেকে এক নারীর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার জয়মন্টপ ইউনিয়নের ভাকুম এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানিয়েছেন সিংগাইর থানা ওসি মাজারুল ইসলাম। 

মৃত মোসা. রেহানা (৩৩) ওই ইউনিয়নের প্রয়াত হানিফ মিয়ার মেয়ে।

পুলিশ ও স্বজনরা জানান, জর্ডানে প্রায় পাঁচ বছর প্রবাস জীবন কাটিয়ে রেহানা এক থেকে দেড় বছর আগে দেশে ফেরেন। এর মধ্যে স্বামীর সঙ্গে তার ছাড়াছাড়ি হয়। এরপর থেকে তিনি মামার বাড়িতে বসবাস করতেন।

এদিন সকালে বাড়ির পাশের একটি বাঁশঝাড়ে তার মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। রেহানার গলায় থাকা স্বর্ণের চেইন ঘটনাস্থলে পাওয়া যায়নি। এটি হত্যা নাকি অন্যকিছু তা নিয়ে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ওসি মাজারুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।