নোয়াখালীতে ছাত্রদল কর্মীর মৃত্যু: সাবেক দুই এমপি নামে হত্যা মামলা
৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের পর আনন্দ মিছিলে গুলির ঘটনা ঘটে; যেখানে গুলিবিদ্ধ হয়ে আসিফসহ পাঁচজন মারা যান।
নোয়াখালীর সোনাইমুড়ী উপজেলায় গুলিবিদ্ধ হয়ে ছাত্রদলের কর্মীর নিহতের ঘটনায় আওয়ামী লীগের সাবেক দুই সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী এবং এইচ এম ইব্রাহিমের নামে হত্যা মামলা হয়েছে।
শেখ হাসিনা সরকারের পতনের দিন গুলিতে নিহত মো. আসিফের বাবা মোরশেদ আলম বাদী হয়ে সোমবার সকালে নোয়াখালীর ৬ নম্বর আমলি আদালতে প্রথমে মামলার আবেদন করেন।
পরে ওই আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোহাম্মদ সাজ্জাদ হোসেন সোনাইমুড়ী থানার ওসিকে বাদীর অভিযোগটি মামলা হিসাবে নথিভুক্ত করার আদেশ দেন বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক মো. শাহ্ আলম।
মামলায় সাবেক দুই সংসদ সদস্য ছাড়াও আওয়ামী লীগ এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের ৩৯ নেতাকর্মীর নাম উল্লেখ এবং অজ্ঞাত পরিচয় আরও দুই হাজার ৫০০ জনকে আসামি করা হয়েছে বলে জানান তিনি।
মামলার আবেদনে বলা হয়েছে, ছাত্র-জনতার তীব্র গণ-আন্দোলনের মুখে ৫ অগাস্ট শেখ হাসিনার পদত্যাগের পর সোনাইমুড়ী উপজেলায় আনন্দ মিছিল বের হয়। সেই মিছিলে অংশ নেন ছাত্রদল কর্মী আসিফও (২৪)।
পরে সাবেক সংসদ সদস্য একরামুল করিম চৌধুরী ও এইচ এম ইব্রাহীম এবং সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সভাপতি মমিনুল ইসলাম বাকেরের নির্দেশে ওই মিছিলে অতর্কিতভাবে হামলা করা হয়। প্রাণ ভয়ে জনতা সোনাইমুড়ী থানায় আশ্রয় নেয়।
একপর্যায়ে আসামিরা থানায় ঢুকে এলোপাতাড়ি গুলি ছুঁড়লে আসিফ গুলিবিদ্ধ হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় ১৬ অগাস্ট ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।
এ ছাড়া একই ঘটনায় সোনাইমুড়ী উপজেলার তানভির হোসন মাহমুদ (২৫), মো. ইয়াছিন (১৫), মো. হাছান (১৪) এবং মো. ইয়াছিন (৩০) গুলিবিদ্ধ হয়ে মারা যান বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
ছেলের চিকিৎসায় ব্যস্ত থাকায় মামলা করতে কিছুটা দেরি হয়েছে বলে বাদী তার অভিযোগপত্রে উল্লেখ করেছেন বলে জানান আদালতের পুলিশ পরিদর্শক শাহ্ আলম।
