কুড়িগ্রাম সীমান্তে একমাসে ২ কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ
জব্দ করা পণ্যগুলোর মধ্যে গবাদি পশু, ইয়াবা, মদ, ফেন্সিডিল, গাঁজা, মশলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন রয়েছে।
কুড়িগ্রামের বিভিন্ন সীমান্ত এলাকা থেকে একমাসে দুই কোটি টাকার বেশি ভারতীয় পণ্য জব্দ করা কথা জানিয়েছে বিজিবি। তবে এ ঘটনায় কেউ আটক হয়নি।
১ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত এসব পণ্য জব্দ করা হয় বলে শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছেন বিজিবি-২২ কুড়িগ্রাম ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ মাহবুব উল হক।
জব্দ করা পণ্যগুলোর মধ্যে গবাদি পশু, ইয়াবা, মদ, ফেন্সিডিল, গাঁজা, মশলা, চিনি, কাপড়, চকলেট, কসমেটিকস, বাইসাইকেল, কম্বল ও মোবাইল ফোন রয়েছে।
সংবাদ বিজ্ঞপ্তিতে বিজিবি জানায়, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়নপুর বিওপির সদস্যরা সীমান্তের শূন্য রেখা থেকে আনুমানিক ৪০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে মাস্টারপাড়া থেকে ১৮৭টি ইয়াবা পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করেন।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালানি পণ্য পাচাররোধে বিজিবি জিরো টলারেন্স নীতি অবলম্বন করে থাকে। যার কারণে একমাসে দুই কোটি ১৭ লাখ টাকার ভারতীয় চোরাচালানি পণ্য জব্দ করতে সক্ষম হয় বিজিবি।
লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল-হক বলেন, সম্প্রতি কুড়িগ্রাম জেলার সীমান্তবর্তী এলাকায় শৃঙ্খলা ফিরিয়ে জনমনে আস্থা বাড়াতে বিজিবি সীমান্তের আশেপাশের জনপদে নিরাপত্তা জোরদার করেছে।
