২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে ‘আওয়ামী লীগের’ মিছিল, চিনির ট্রাকে আগুন

ট্রাকে আগুন দেওয়ার পর আধা ঘণ্টার বেশি ঢাকা-শরীয়তপুর রুটে যান চলাচল বন্ধ ছিল।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Nov 2025, 11:19 AM

Updated : 26 Aug 2026, 05:06 PM

কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ঘোষিত ‘লকডাউন’ কর্মসূচিকে কেন্দ্র করে শরীয়তপুরের জাজিরা উপজেলায় দলটির নেতাকর্মীরা মিছিল করেছে বলে জানিয়েছে পুলিশ। পরে একটি চিনির ট্রাকে আগুন দেওয়া হয়।

বৃহস্পতিবার সকালে উপজেলার নাওডোবা তস্তারকান্দি এলাকার ভাঙ্গা-ঢাকা এক্সপ্রেসওয়েতে ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে বলে জাজিরা থানার ওসি মইনুল ইসলাম জানান।

স্থানীয়দের বরাতে ওসি মইনুল বলেন, “আওয়ামী লীগের ডাকা লকডাউন কর্মসূচির অংশ হিসেবে বৃহস্পতিবার ভোরে জাজিরা উপজেলার নাওডোবা এলাকায় লাঠিসোঁটা হাতে মিছিল করেন তাদের নেতাকর্মীরা। এ সময় ককটেল বিস্ফোরণ করেন তারা।

“এর কিছুক্ষণ পর ওই এলাকা দিয়ে ঢাকা থেকে ভাঙ্গার দিকে যাওয়া একটি চিনির ট্রাকে অগ্নিসংযোগ করা হয়। এতে আধা ঘণ্টার বেশি সময় ঢাকা-শরীয়তপুর যান চলাচল বন্ধ থাকে।”

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। তবে এর আগেই অগ্নিসংযোগকারীরা সড়ক থেকে সরে পড়েন বলে ওসি মইনুল ইসলাম জানান।

শরীয়তপুর সুপার সার্ভিসের বাসের চালক মতিউর রহমান বলেন, “একটি ট্রাকে অগ্নিসংযোগ করার কারণে ২০-২৫ মিনিট গাড়ি বন্ধ ছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।”

শরীয়তপুরের পুলিশ সুপার নজরুল ইসলাম বলেন, “একটি ট্রাকে দুষ্কৃতকারীরা অগ্নিসংযোগ করেছে। বর্তমানে যান চলাচল স্বাভাবিক আছে।”

তিনি বলেন, “ এ ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। মিছিলের বিষয়টি আমাদের নজরে এসেছে। যে কোন ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ মাঠে আছে।”