২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সময়, একাত্তর ও ডিবিসি নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ

“অত্যন্ত পরিতাপের বিষয়, একাত্তরের মালিক এখন তারেক রহমানের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছেন” বলেন তিনি।

সময়, একাত্তর ও ডিবিসি নিয়ে যা বললেন হাসনাত আব্দুল্লাহ
ছবি: ভিডিও থেকে।

নিউজ ডেস্ক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2026, 01:57 AM

Updated : 26 Aug 2026, 02:49 PM

সময় টেলিভিশন, একাত্তর টেলিভিশন ও ডিবিসি— এই তিনটি সংবাদমাধ্যম বিএনপির ‘ঠিকাদারি নিয়েছে’ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেতা হাসনাত আব্দুল্লাহ।

শুক্রবার কুমিল্লার টাউন হল ময়দানে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নির্বাচনি সমাবেশে তিনি এমন মন্তব্য করেন। 

হাসনাত বলেন, “আমি স্পষ্টতই দুইটা বিষয় নিয়ে কথা বলব। একটা বিষয়—যেটা নিয়ে মানুষ কথা বলে না—মিডিয়ার দ্বিচারিতা। 

“মিডিয়া খুব সুক্ষ্ণভাবে মানুষের সম্মতি উৎপাদন শুরু করেছে। আপনি দেখবেন, বিশেষ করে যেসব মিডিয়া জুলাইয়ে দৌঁড়ানির উপরে ছিল— সময় টেলিভিশন, একাত্তর টেলিভিশন ও ডিবিসি— তারা বিএনপির ঠিকাদারি নিয়েছে। অথচ গত ১৭ বছর ধরে এই টেলিভিশনগুলোই টক শোতে, নিউজে তারেক রহমানকে দেশদ্রোহী বানানোর চেষ্টা করেছে। বিএনপি আজ তাদের কোলে উঠে বসেছে।”

বিএনপিকে উদ্দেশ করে হাসনাত বলেন, “বিশ্বাস করেন, কিছু দিনের মধ্যেই এই মিডিয়াগুলো আপনাদের পেটে ও পিঠে ছুরি মারার জন্য রেডি হয়ে গিয়েছে।

“সময় টেলিভিশন, একাত্তর, ডিবিসি— এসব মিডিয়ায় যারা কাজ করেন, তারা আমাদের কাছে এসে বলেন, আমরা যদি একটা নিউজ ছাপাইতে যাই, সেখানকার হেড অব নিউজ এবং যিনি চিফ থাকেন, তিনি সেই নিউজ প্রত্যাখ্যান করেন। সাংবাদিকরা আমাদেরকে দুঃখ-দুর্দশার কথা বলেন।”

কুমিল্লা-৪ আসনে এনসিপি প্রার্থী হাসনাত আরও বলেন, “আমরা দেখলাম একাত্তর টেলিভিশনের যিনি মালিক, গত ১৭ বছরে জামায়াত-শিবিরের নেতাকর্মীদের হত্যা করার বৈধতা উৎপাদন করেছেন। 

“অত্যন্ত পরিতাপের বিষয়, একাত্তরের মালিক এখন তারেক রহমানের অন্তরঙ্গ বন্ধুতে পরিণত হয়েছেন। এগুলো খুবই দুঃখজনক ঘটনা।”

এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত বলেন, “ইনশাল্লাহ, আগামীর যে বিপ্লব হবে, সেই চূড়ান্ত বিপ্লব হবে দালাল মিডিয়ার বিরুদ্ধে।”

হাসনাত বলেন, “দ্বিতীয়ত, প্রশাসনে যে ভাইয়েরা রয়েছেন, মিলিটারিতে যারা চাকরি করেছেন, আপনাদের প্রতি মানুষের যে অনস্থা তৈরি হয়েছে, সেই অনাস্থা দূর করার সময় হচ্ছে এই নির্বাচন। 

“এই নির্বাচনের মধ্যে দিয়ে পুলিশ প্রশাসন ও মিলিটারি— আপনারা জনগণের বন্ধু হয়ে উঠুন। আপনারা কোনো দলের নন; আপনারা দেশের ২০ কোটি জনগণের।”