২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাগড়াছড়িতে ভূমি বিরোধের জেরে সহিংসতার মামলায় গ্রেপ্তার ২

ওসি বলেন, ঘটনার পর উভয় পক্ষ থেকেই পৃথক মামলা করা হয়েছে।

খাগড়াছড়ি প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jan 2026, 05:05 PM

Updated : 26 Aug 2026, 02:46 PM

খাগড়াছড়ির সদর উপজেলার ভূমি বিরোধকে কেন্দ্র করে সংঘটিত সহিংসতার ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন খাগড়াছড়ি সদর থানার ওসি মোহাম্মদ কায় কিসলু। 

গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুর রশিদ ও মো. আলা আমিন। এর মধ্যে আব্দুর রশীদকে চট্টগ্রামের হাটহাজারী ও আলামিনকে কুমিল্লার কান্দিরপাড় থেকে গ্রেপ্তার করা হয়। 

ওসি মোহাম্মদ কায় কিসলু বলেন, সম্প্রতি সদর উপজেলার কমলছড়ি এলাকায় একটি জমি আগুন দিয়ে পরিষ্কার করার সময় মালিকানা দাবি নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এক পর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ ঘটনায় উভয় পক্ষের অন্তত ছয়জন আহত হন।

আহতদের মধ্যে মো. আব্দুল বশির চট্টগ্রাম সামরিক হাসপাতালে এবং বিমল কান্তি ত্রিপুরা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। 

অপর আহতরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন বলে জানায় পুলিশ। 

ওসি আরও বলেন, ঘটনার পর উভয় পক্ষ থেকেই পৃথক মামলা করা হয়েছে। মংশিতু মারমা বাদী হয়ে ছয়জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ২০ থেকে ২৫ জনকে আসামি করে একটি মামলা করেন। অপরদিকে মোছা. খাদিজা পাঁচজনের নাম উল্লেখ করে আরেকটি মামলা করেন। 

তবে খাদিজার মামলার এজাহারভুক্ত আসামিরা আদালতে আত্মসমর্পণ করে এর মধ্যে জামিনে নিয়েছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।