২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রার্থীর মৃত্যু, গোপালপুর উপজেলার নির্বাচন স্থগিত

তাপদাহের মধ্যে প্রচণ্ড গরমে ‘হিট স্ট্রোকে’ মুক্তার মৃত্যু হয়েছে বলে তার স্বামীর ধারণা।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Apr 2024, 12:21 AM

Updated : 26 Aug 2026, 09:31 AM

টাঙ্গাইলের গোপালপুর উপজেলায় নারী ভাইস চেয়ারম্যান পদের এক প্রার্থীর মৃত্যু হওয়ার ভোট স্থগিত করেছে নির্বাচন কমিশন।

রোববার নির্বাচন কমিশনের উপসচিব মো. আতিয়ার রহমান স্বাক্ষ‌রিত এক চি‌ঠি‌তে গোপালপুর উপজেলা পরিষদের সব পদের নির্বাচন স্থগিত ঘোষণা করা হয়।

মৃত মরিয়ম আখতার মুক্তা গোপালপুর পৌরসভার হাজরাবাড়ী এলাকার আরিফুল ইসলাম আরিফের স্ত্রী। তিনি বর্তমান পরিষদেও একই পদে ছিলেন।

গোপালপুরের উপজেলা নির্বাচন কর্মকর্তা ও উপজেলা পরিষদ নির্বাচনের সহকারী রিটার্নিং কর্মকর্তা আনোয়ারুল ইসলাম বলেন, “একজন প্রার্থীর মৃত্যুতে সকল পদের নির্বাচন স্থগিত হয়েছে। পরবর্তী তারিখে ভোটগ্রহণ হবে।”

ইসির চিঠিতে বলা হয়, যষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপে ৮ মে গোপালপুর উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার কথা। কিন্তু ভোটগ্রহণের পূর্বে মহিলা ভাইস চেয়ারম্যান পদে একজন বৈধ প্রার্থীর মৃত্যু হওয়ায় সব পদের নির্বাচন স্থগিত করা হল। পুনঃতফসিল ঘোষণার মাধ্যমে চতুর্থ ধাপে ৫ জুন এ উপজেলা পরিষদে নির্বাচন করার সিদ্ধান্ত হয়েছে।

নারী ভাইস চেয়ারম্যান পদে আগে যারা মনোনয়নপত্র দাখিল করেছিলেন তাদের নতুন করে মনোনয়ন দাখিলের প্রয়োজন হবে না। তবে মনোনয়নপত্র প্রত্যাহারের সুযোগ দেওয়া হবে।

চেয়ারম্যান ও ভাইস চেয়ারম্যান পদে আগের মনোনয়ন বহাল থাকবে। শুধু নারী ভাইস চেয়ারম্যান পদে নতুনভাবে মনোনয়নপত্র দাখিল করা যাবে। 

মরিয়ম আখতার মুক্তার স্বামী আরিফুল ইসলাম আরিফ বলেন, সম্প্রতি তার স্ত্রী ময়মনসিংহে আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। সেখানেই গত শুক্রবার অসুস্থ হয়ে পড়লে তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখানেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

তাপদাহের মধ্যে প্রচণ্ড গরমে ‘হিট স্ট্রোকে’ মুক্তার মৃত্যু হয়েছে বলে তার স্বামীর ধারণা।

গোপালপুর উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে চারজন, ভাইস চেয়ারম্যান পদে একজন এবং মহিলা ভাইসচেয়ারম্যান পদে দুই জনের মনোনয়ন পত্র বৈধ ঘোষণা করেন জেলা রিটার্নিং কর্মকর্তা।

এর মধ্যে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হয়েছেন ভাইস চেয়ারম্যান পদে একমাত্র প্রার্থী মারুফ হাসান জামী। এ উপজেলায় মোট ভোটার আছেন ২ লাখ ৩১ হাজার ৩২৮ জন। এরমধ্যে পুরুষ ১ লাখ ১৬ হাজার ৫৫ জন এবং নারী ১ লাখ ১৫ হাজার ২৭২ জন।