২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে হামের উপসর্গে প্রাণ গেল ২ শিশুর

এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৬ শিশু।

গাজীপুরে হামের উপসর্গে প্রাণ গেল ২ শিশুর
গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 May 2026, 03:10 PM

Updated : 26 Aug 2026, 03:32 PM

গাজীপুরে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে হামের উপসর্গ নিয়ে দুই শিশুর মৃত্যু হয়েছে। এ ছাড়া হাসপাতালে চিকিৎসাধীন আছে ৩৬ শিশু।

সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় শিশু দুটি মারা যায় বলে জানিয়েছেন শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক চিকিৎসক মো. আমিনুল ইসলাম।

মারা যাওয়া শিশুরা হলো- গাজীপুর মহানগরীর চান্দনা চৌরাস্তা এলাকার জাকির হোসেনের ছেলে রাইয়ান (৯ মাস) এবং শ্রীপুর উপজেলার মাওনা এলাকার খোকন মিয়ার ছেলে সিফাত (৫ মাস)।

আমিনুল ইসলাম বলেন, হামের উপসর্গ নিয়ে সিফাত ২৯ এপ্রিল এবং রাইয়ান ৩০ এপ্রিল হাসপাতালে ভর্তি হয়। হামের লক্ষণ নিয়ে এ হাসপাতালে প্রথম দুই শিশুর মৃত্যু হল। এখন পর্যন্ত এ হাসপাতালে হামের লক্ষণ নিয়ে ভর্তি আছে ৩৬ শিশু।

গাজীপুরের সিভিল সার্জন মো. মামুনুর রহমান বলেন, মার্চ থেকে এ পর্যন্ত সর্বমোট ৫৯১ জন হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে ৫৪২ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। গত ২৪ ঘণ্টায় দুই শিশুর মৃত্যু হয়েছে। 

জেলার মোট চিকিৎসাধীন ৪৭ রোগীর সবাই শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল হাসপাতালেই ভর্তি আছে বলে জানিয়েছেন তিনি।