নাটোরে কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় ২ জনের যাবজ্জীবন
২০১৪ সালের ৬ মে রাতে ঘুমন্ত ওই কিশোরীকে ধর্ষণের পর হত্যা করা হয় বলে জানান পিপি।
নাটোরের নলডাঙ্গা উপজেলায় ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণ ও হত্যা মামলায় দুইজনকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত। এ ছাড়া মামলা থেকে খালাস পেয়েছেন পাঁচজন।
বৃহস্পতিবার দুপুরে নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মুহাম্মদ আব্দুর রহিম আসামিদের উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন বলে রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) মো. আনিসুর রহমান জানান।
দণ্ড পাওয়ারা হলেন- নওগাঁর রাণীনগর উপজেলার হরিশপুর গ্রামের বাসিন্দা মো. আনোয়ার হোসেন ওরফে বাবু শেখ ওরফে কালু (৪৯) এবং নলডাঙ্গা উপজেলার খাজুরা গ্রামের বাসিন্দা রইস উদ্দিন সরদার (৬২)।
খালাস পাওয়ারা হলেন- সোহাগ, রাকিব হোসেন, আলামিন, জিয়া এবং জামাল।
পিপি আনিসুর রহমান বলেন, ২০১৪ সালের ৬ মে রাতে উপজেলার খাজুরা গ্রামের ওই কিশোরী নিজ ঘরে ঘুমিয়ে ছিল। সকালে ওই কিশোরীর মা ঘুম থেকে জেগে মেয়ের ঘরের দরজা খোলা দেখতে পান। পরে ঘরে ঢুকে দেখেন, তার মেয়ের মুখের ওপর বালিশ চাপা দেওয়া এবং শরীরের জামা কাপড় এলোমেলো।
সেই সময় তিনি চিৎকার করলে ওই কিশোরীর বাবাসহ প্রতিবেশীরা গিয়ে তাকে মৃত অবস্থায় পান। খবর পেয়ে পুলিশ মৃতদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠায়।
এ ঘটনায় ওই কিশোরীর বাবা বাদী হয়ে অজ্ঞাত পরিচয়দের আসামি করে নলডাঙ্গা থানায় ধর্ষণ ও হত্যা মামলা করেন।
একই বছরের ১৫ সেপ্টেম্বর মামলার তদন্ত কর্মকর্তা নলডাঙ্গা থানার তৎকালীন এসআই মো. আবু তাহের ও পরিদর্শক মো. ওয়াজেদ আলী খান সাতজনকে আসামিকে করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন বলে জানান পিপি আনিসুর রহমান।
সাক্ষ্যগ্রহণ শেষে দুই আসামিকে যাবজ্জীবনের পাশাপাশি এক লাখ টাকা করে জরিমানা করা হয়েছে; সেইসঙ্গে অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাঁচজন খালাস পেয়েছেন বলে জানান রাষ্ট্রপক্ষের এই আইনজীবী।
দণ্ড পাওয়া বাবু শেখের বিরুদ্ধে নাটোরের বিভিন্ন উপজেলায় নয় নারীকে হত্যার অভিযোগ রয়েছে; যার মধ্যে আটজনকে ধর্ষণে অভিযোগ পাওয়া গেছে।
