কোটা: শাবির ফটকে শিক্ষার্থীদের বিক্ষোভ
বক্তরা বলেন, স্বাধীন দেশের ছাত্ররা আজ শিকলে আবদ্ধ। তারা স্বাধীন হতে পারছে না। ক্যাম্পাসগুলোকে পুলিশি ক্যাম্পাস বানিয়ে দেওয়া হয়েছে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়কদের ‘জিম্মি করে’ বিবৃতি আদায়ের প্রতিবাদ, গ্রেপ্তারদের মুক্তি, মিথ্যা মামলা প্রত্যাহার ও ছাত্র-জনতা হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে।
সোমবার বেলা ৩টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে সোয়া এক ঘণ্টাব্যাপী এ কর্মসূচি চলে।
‘বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, শাবিপ্রবি, সিলেট’ ব্যানারে ওই কর্মসূচিতে সিলেটের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন।
কয়েকজন শিক্ষার্থী জানান, বেলা সোয়া ৩টায় শিক্ষার্থীদের একটি বিক্ষোভ মিছিল নিয়ে প্রধান ফটকে আসেন তারা।
এরপর সাড়ে ৩টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কে গিয়ে বিশ্ববিদ্যালয়সংলগ্ন তপোবন আবাসিক এলাকার সামনে থেকে মিছিলটি পুনরায় ফটকে আসেন৷
পরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে অবস্থান শেষে বিকাল ৪টার দিকে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন আন্দোলনকারীর।
সমাবেশে বক্তব্য দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের শাহজালাল বিশ্ববিদ্যালয়ের অন্যতম সমন্বয়ক ফয়সাল হোসেন, সিলেটের দক্ষিণ সুরমা সরকারি কলেজের শিক্ষার্থী হোসাইন আহমেদ, লিডিং ইউনিভার্সিটির ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবুল কাসেম আজাদ, মুরারিচাঁদ কলেজের স্নাতকোত্তর শিক্ষার্থী তানজিনা আক্তার, সিলেটের গোয়াইনঘাট কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আজমল হোসেন।
বক্তরা বলেন, স্বাধীন দেশের ছাত্ররা আজ শিকলে আবদ্ধ। তারা স্বাধীন হতে পারছে না। ক্যাম্পাসগুলোকে পুলিশি ক্যাম্পাস বানিয়ে দেওয়া হয়েছে।
শিক্ষার্থীদের দাবি মেনে না নিয়ে তাদের শান্তিপূর্ণ আন্দোলন কর্মসূচিতে ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী রংপুরে ওপর গুলিবর্ষণ করা হচ্ছে। তারা এর বিচার চান।
সমন্বয়ক ফয়সাল হোসেন বলেন, “আবু সাঈদ ভাই, বিশ্ববিদ্যালয়ের ছোট ভাই রদ্রসহ গণহারে যারা হত্যা করেছে, তাদের স্পষ্ট করে বলে দিতে চাই, আমরা খুনির কাছে খুনের বিচার চাই না। খুনির কাছে খুনের বিচার চাওয়ার জন্য আসি নাই।
“জহির রায়হানের আরেক ফাল্গুনে বলা হয়েছে, ‘কারাগার বড় করুন, আসছে ফাগুনে আমরা দ্বিগুণ হব।’ আমরা বলে দিতে চাই, সারা বাংলাদেশ কারাগার বানিয়ে ফেল।”
সমন্বয়ক ফয়সাল হোসেন আরও বলেন, “সারা বাংলাদেশে আমার ভাইদের ওপর নির্বিচারে গুলি করা হচ্ছে৷ চারদিকে চলছে গণগ্রেপ্তার। আমাদের সমন্বয়কদের তুলে নেওয়া হয়েছে।
“আমরা সরকারের এই ন্যাক্কারজনক কাজের তীব্র নিন্দা জানাই।”
ফয়সাল হোসেন আরও বলেন, “আমরা স্পষ্ট করে বলে দিতে চাই, ছাত্রসমাজের ৯ দফা দাবি যদি মেনে নেওয়া না হয়, তাহলে আমরা এক দফা দাবি নিয়ে সামনে এগিয়ে যাব৷”
