২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিষেধাজ্ঞা শেষে সাগরে যেতে প্রস্তুত টেকনাফের জেলেরা

৪-২৫ অক্টোবর এই ২২ দিন সরকার ঘোষিত নিষেধাজ্ঞার কারণে বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ ধরতে যেতে পারেননি জেলেরা।

টেকনাফ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Oct 2025, 09:44 PM

Updated : 26 Aug 2026, 02:32 PM

ইলিশ প্রজনন মৌসুমের ২২ দিনের নিষেধাজ্ঞা উঠছে মধ্যরাত থেকে। কক্সবাজারের টেকনাফ উপজেলার জেলেরা সাগরে মাছ শিকারে যেতে প্রস্তুতি নিয়েছেন।

৪-২৫ অক্টোবর এই ২২ দিন সরকার ঘোষিত নিষেধাজ্ঞার কারণে বঙ্গোপসাগর ও নদ-নদীতে মাছ ধরতে যেতে পারেননি জেলেরা।

মৎস্য অধিদপ্তরের মতে, প্রজনন মৌসুমে মা ইলিশ রক্ষার জন্য এ উদ্যোগ নেওয়া হয়েছে। উপজেলায় ১০ হাজার ৬৮৩ জন নিবন্ধিত জেলে রয়েছেন। নিষেধাজ্ঞার সময়ে তাদের জন্য ১০৭.৫৫ মেট্রিক টন চাল বরাদ্দ করা হয়। 

শনিবার বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ ঘোলাপাড়ায় গিয়ে দেখা গেছে, বঙ্গোপসাগর তীর সংলগ্ন এলাকার জেলে পল্লী ও গ্রামগুলোতে ট্রলার, নৌকা ও জাল মেরামতের কাজ করছেন শ্রমিকরা। কোনো কোনো শ্রমিক ট্রলারের ইঞ্জিনের যন্ত্রাংশ মেরামত করছেন, আবার কোনো কোনো শ্রমিক ট্রলারের তলায় আলকাতরা বা রং করছেন। 

এ সময় শ্রমিক মোহাম্মদ আলম বলেন, জেলেদের পাশাপাশি দৈনিক মজুরিতে কিছু শ্রমিক মাছ শিকারে যাওয়ার জন্য ট্রলারের প্রস্তুতির কাজ করছেন।

শাহপরীর দ্বীপের বাসিন্দা ট্রলার মালিক হাফেজ আহমদ বলেন, “নিষেধাজ্ঞার কারণে এই ২২ দিন আমাদের জন্য সবকিছু মেরামত করার সুযোগ ছিল। জেলেরা ট্রলার ঠিক করছেন, জাল মেরামত করছেন, ইঞ্জিন সার্ভিসিং করছেন। যেন নিষেধাজ্ঞা শেষে পূর্ণ উদ্যমে মাছ ধরতে সাগরে যেতে পারে। এ কয়দিন স্থানীয় হাটবাজারে মাছের অকাল ছিল।” 

জেলে জাফর আলম বলেন, “নিষেধাজ্ঞার এই সময় পুরনো জাল ঠিক করছি এবং ট্রলার প্রস্তুত করছি। রোববার সকালে ১০ জন মাঝি-মাল্লা নিয়ে সাগরে মাছ শিকার করতে রওয়ানা হব।”

শাহপরীর দ্বীপ জেটিঘাট ট্রলার মালিক সমিতির সভাপতি আব্দুল গফুর বলেন, “অনেকে এই সময়ে কর্মহীন হয়ে পড়েছিল। সরকারি সহায়তা যেমন চাল পাওয়া যায়, তা সবসময় যথেষ্ট হয় না। জেলে কার্ড না থাকায় অনেক জেলেরা সহায়তা থেকে বঞ্চিত হয়েছে। সত্যিকারের জেলেরা যেন সরকারি সহায়তা পায়, তা নিশ্চিত করা প্রয়োজন।”

টেকনাফ উপজেলা জ্যেষ্ঠ মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন বলেন, “ইলিশের প্রধান প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা উৎপাদন বাড়াতে সহায়ক। এটি মা ইলিশের প্রজনন নিরাপদ করে এবং পরবর্তীতে বাজারে সরবরাহ ও দামে ইতিবাচক প্রভাব ফেলে।”

এ প্রসঙ্গে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শেখ এহসান উদ্দিন বলেন, “নিষেধাজ্ঞা অমান্য করে কেউ সমুদ্রে মাছ ধরতে যায়নি। কোস্ট গার্ড, বিজিবি, নৌ পুলিশ ও মৎস্য বিভাগের টহল জোরদার থাকার পাশাপাশি ট্রলার মালিক ও জেলেরা সরকারি নিষেধাজ্ঞাকে সমথর্ন করায় স্থানীয় প্রশাসনের কোনো ধরনের অসুবিধা হয়নি। জেলে ও ট্রলার মালিকদের সাময়িক কষ্ট হলেও দীর্ঘমেয়াদে ইলিশের উৎপাদন বাড়বে।”