১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

সাভারে নৈশপ্রহরীকে গুলি করে হত্যা

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রাত ১১টার দিকে তার স্বামীর মোবাইলে একটি ফোন আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Apr 2025, 01:09 PM

Updated : 26 Aug 2026, 12:24 PM

ঢাকার সাভারে ঈদের রাতে এক নৈশপ্রহরীকে গুলি করে হত্যা করা হয়েছে। 

সোমবার রাত সাড়ে ১১টার দিকে সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লায় এ হত্যাকাণ্ড ঘটে বলে জানিয়েছেন সাভার মডেল থানার ওসি জুয়েল মিঞা।

নিহত রুবেল মিয়া (৩২) নূর মোহাম্মদ খলিফার ছেলে। তিনি সাভার পৌর এলাকার বাঁশপট্টি মহল্লার মনিরের মালিকাধীন বাড়িতে ভাড়া থেকে দুই মাস ধরে ওই মহল্লার প্রহরীর কাজ করতেন।

নিহতের স্ত্রী রহিমা বেগম বলেন, রাত ১১টার দিকে তার স্বামীর মোবাইলে একটি ফোন আসে। এরপরে তিনি বাসা থেকে বের হয়ে যান। তার কিছু সময় পরেই খবর আসে কয়েকজন তার স্বামীকে গুলি করেছে, তিনি বাঁশপট্টি এলাকায় পড়ে আছেন। 

পরে স্থানীয়রা তাকে উদ্ধার সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক হরনাথ সরকার অর্নব সাংবাদিকদের বলেন, “রুবেলকে মৃত অবস্থায় হাসপাতালে আনা হয়েছে। তার মুখে গভীর ক্ষত রয়েছে। সেটা বুলেটের ক্ষত বলে ধারণা করা হচ্ছে।”

ওসি জুয়েল মিঞা বলেন, “খবর পেয়ে পুলিশ হাসপাতালে থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠিয়েছে।

তবে এখনো হত্যাকাণ্ডের কারণ সর্ম্পকে বিস্তারিত জানা যায়নি। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলেও জানান ওসি।