শিক্ষার্থীদের আন্দোলনের মুখে বরিশালের সিভিল সার্জন বদলি
বদলির প্রজ্ঞাপনের পর আন্দোলন স্থগিত করে কার্যালয়ের তালা খুলে দেন আন্দোলনকারীরা।
শিক্ষার্থীদের আন্দোলনের ষষ্ঠ দিনে বরিশালের সিভিল সার্জন মো. মনিরুজ্জামানকে বদলি করেছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।
রোববার দুপুরে বদলির প্রজ্ঞাপনের খবর পাওয়ার পর আন্দোলন স্থগিত করা হয়েছে বলে জানান বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের যুগ্ম সচিব সাইফুল ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, বিসিএস স্বাস্থ্য ক্যাডারের কর্মকর্তা ও বরিশালের সিভিল সার্জন (চলতি দায়িত্ব) মো. মনিরুজ্জামানকে পরবর্তী পদায়নের জন্য স্বাস্থ্য অধিদপ্তরে সংযুক্ত করা হয়েছে।
প্রজ্ঞাপনে তাকে ৩ অগাস্টের মধ্যে নতুন কর্মস্থলে যোগ দিতে বলা হয়েছে। নির্ধারিত সময়ে যোগ না দিলে বর্তমান কর্মস্থল থেকে তাকে অবমুক্ত করা হবে।
২৪ জুলাই বরিশালের সিভিল সার্জন হিসেবে যোগ দেন মনিরুজ্জামান। যোগদানের পর থেকেই একদল শিক্ষার্থী তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম, দুর্নীতি ও ‘ফ্যাসিবাদের দোসর’ অভিযোগ তুলে অপসারণের দাবিতে আন্দোলন শুরু করে।
‘নাগরিক সমাজ’ ব্যানারে তারা সিভিল সার্জন কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করে এবং কার্যালয়ে তালা দেয়।
রোববার সকালে আন্দোলনকারীরা সিভিল সার্জন কার্যালয়ে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন। এ সময় কর্মকর্তা-কর্মচারীদের কার্যালয় থেকে বের করে দিয়ে প্রধান ফটকে তালা দেওয়া হয়।
এতে প্রায় দুই ঘণ্টা কার্যালয়ের কার্যক্রম বন্ধ থাকে এবং সেবা নিতে আসা মানুষ ভোগান্তিতে পড়েন।
পরে সিভিল সার্জনের বদলির খবর পেয়ে আন্দোলনকারীরা তালা খুলে দেন। এরপর কার্যালয়ের স্বাভাবিক কার্যক্রম শুরু হয়। আন্দোলনের সমাপ্তি হিসেবে তারা কার্যালয় প্রাঙ্গণে একটি কৃষ্ণচূড়া গাছও রোপণ করেন।
আন্দোলনে নেতৃত্ব দেওয়া বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন প্রধানমন্ত্রী ও স্বাস্থ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন, “এর মাধ্যমে বরিশালের স্বাস্থ্য বিভাগ ও বরিশালবাসী ফ্যাসিবাদ, দুর্নীতি ও কলঙ্কমুক্ত হয়েছে।”
আরও পড়ুন:
