০৮ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩

বরিশাল সিভিল সার্জনকে অপসারণে ২৪ ঘণ্টার ‘আল্টিমেটাম’

এ দাবিতে বৃহস্পতিবার জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার কথা জানিয়েছেন আন্দোলনকারীরা।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Jul 2026, 10:54 PM

Updated : 19 Sep 2026, 02:28 PM

বরিশালের সিভিল সার্জন মনিরুজ্জামানকে অপসারণে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছেন আন্দোলনকারীরা। 

আন্দোলনের চতুর্থ দিনে বুধবার জেলা সিভিল সার্জনের কার্যালয়ের সামনে সংবাদ সম্মেলনের মাধ্যমে এ আল্টিমেটাম দেন তারা।

এ সময় বৈষম্যবিরোধী আন্দোলনের সাবেক সমন্বয়ক সাব্বির হোসেন বলেন, বরিশাল সিভিল সার্জন হিসেবে মনিরুজ্জামানকে নিয়োগ দেওয়ার মাধ্যমে জেলার স্বাস্থ্য সেবাকে কলঙ্কিত করা হয়েছে।

জেলার স্বাস্থ্য বিভাগকে কলঙ্কমুক্ত করার জন্য ছাত্র-জনতা; যারা ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে ঐক্যবদ্ধ ছিলেন, তারা একত্রিত হয়ে সিভিল সার্জনের অপসারণের দাবিতে টানা কর্মসূচি পালন করছেন বলে জানান তিনি।

সিভিল সার্জনের বিরুদ্ধে নানা দুর্নীতির কথা তুলে ধরে সাব্বির বলেন, “মনিরুজ্জামান গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দীর্ঘদিন কর্মরত ছিলেন। তিনি শুধু গৌরনদী নয়, পাশের আগৈলঝাড়া জুড়ে দুর্নীতির সাম্রাজ্য গড়ে তুলেছেন। দুর্নীতির পাহাড় গড়েছেন। 

“গৌরনদীবাসী তাদের স্বাস্থ্যসেবা কলঙ্কমুক্ত করতে মনিরুজ্জামানের বিরুদ্ধে লাগাতার আন্দোলন করেছেন। ঝাড়ু মিছিল করেছে, এক পর্যায়ে রাস্তা অবরোধও করেছেন। সরকার তাকে সেখান থেকে সরিয়ে শাস্তি স্বরূপ ওএসডি করে রেখেছিল।”

“কোন অলৌকিক ঘটনার বলে তিনি বরিশালের একটি গুরুত্বপূর্ণ পদে এসেছেন; সেটা আমাদের বোধগম্য হচ্ছে না। তবে যতক্ষণ পর্যন্ত তার অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত এ আন্দোলন অব্যাহত থাকবে”, যোগ করেন সাব্বির।

মনিরুজ্জামানকে সরাতে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে সাব্বির বলেন, “স্পষ্ট করে বলছি, আগামীকাল বেলা সাড়ে ১২টা পর্যন্ত সময় দেব। এর মধ্যে যদি কোনো অ্যাকশনে যাওয়া না হয়, তাহলে ছাত্র-জনতাকে নিয়ে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় ঘেরাও করা হবে।

“যতক্ষণ পর্যন্ত সিভিল সার্জনকে অপসারণ করা না হবে, ততক্ষণ পর্যন্ত স্বাস্থ্য পরিচালকের দপ্তর ঘেরাও থাকবে। ছাত্র-জনতা বিগত সময়ে আপোষ করেনি, এবারও করবে না।” 

দলমত নির্বিশেষে এ আন্দোলনে ছাত্রদল, ড্যাবসহ বিভিন্ন মহলের সমর্থন রয়েছে দাবি করে তিনি বলেন, সকাল থেকে বিকাল পর্যন্ত কর্মসূচি চলায় অল্পসংখ্যক কর্মী অবস্থান করলেও সমর্থনের পরিধি অনেক বড়।

আন্দোলনের আরেক সমন্বয়ক লাবণ্য রহমান বলেন, এটি বরিশালের মানুষের চিকিৎসার অধিকার রক্ষার আন্দোলন। দাবি বাস্তবায়ন না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।

বৃহস্পতিবার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয়ের পরিবর্তে জেলা প্রশাসক কার্যালয় ঘেরাও করার কথা বলেছেন সাব্বির হোসেন।

শিক্ষার্থীদের বিক্ষোভে তিন দিনেও অফিসে আসতে পারেননি বরিশালের সিভিল সার্জন

বরিশালের নতুন সিভিল সার্জন যোগ দিতে পারেননি, কক্ষে তালা দিয়ে বিক্ষোভ