২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি নাছির উদ্দিন ঢাকায় গ্রেপ্তার

শান্তিনগরে তার মেয়ের বাসা থেকে তাকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Jun 2025, 05:32 PM

Updated : 26 Aug 2026, 12:51 PM

চাঁদপুর জেলা আওয়ামী লীগ সভাপতি ও পৌরসভার সাবেক মেয়র নাছির উদ্দিন আহমেদ ঢাকায় গ্রেপ্তার হয়েছেন।

সোমবার সকালে শান্তিনগরে তার মেয়ের বাসা থেকে গ্রেপ্তার করে ঢাকা জেলার গোয়েন্দা পুলিশ (ডিবি)। পরে তাকে ডিবি কার্যালয়ে নেওয়া হয়।

দুপুরে এসব তথ্য নিশ্চিত করেন ঢাকা মেট্টোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস্ বিভাগ) মুহাম্মদ তালেবুর রহমান।

চাঁদপুর সদর মডেল থানার ওসি মো. বাহার মিয়া বলেন, “জেলা আওয়ামী লীগ সভাপতি নাছির উদ্দিন আহমেদ গ্রেপ্তার হয়েছেন বলে আমরা জানতে পেরেছি। তার বিরুদ্ধে ঢাকার কদমতলী থানায় মামলা আছে জানতে পেরেছি।

“তবে চাঁদপুর সদর মডেল থানায় মামলা রয়েছে কি-না খোঁজ নেওয়া হচ্ছে। যদি মামলা থাকে তাহলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।”

ঢাকার কদমতলী থানা থেকে পাওয়া তথ্য অনুযায়ী, গত বছর কদমতলী থানা এলাকায় ছাত্র-জনতার আন্দোলনের ঘটনায় দায়ের করা হত্যা মামলায় আসামি হিসেবে তাকে গ্রেপ্তার করা হয়েছে। মামলা নম্বর ৫৯১২/২৪।