২৯ অক্টোবর ২০২৬, ১৪ কার্তিক ১৪৩৩

চাঁদপুরে নিখোঁজের একদিন পর কলেজ ছাত্রের লাশ উদ্ধার

বাড়ির পাশের একটি বিল থেকে লাশটি উদ্ধার করা হয় বলে পুলিশ জানায়।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2024, 11:11 PM

Updated : 10 Sep 2026, 12:17 PM

চাঁদপুরের কচুয়া উপজেলার পালাখালে নিখোঁজের একদিন পর এক কলেজ ছাত্রের লাশ উদ্ধার করা হয়েছে।

শুক্রবার সন্ধ্যায় দিকে বাড়ির পশ্চিম পাশের বিল থেকে লাশটি উদ্ধার করা হয়  বলে জানায় পুলিশ।

নিহত মিরাজ হোসেন (১৭) পালাখাল গ্রামের কামাল সর্দার ছেলে। মিরাজ পালাখাল রুস্তম আলী ডিগ্রি কলেজ এইচএসসি দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।

এর আগে বৃহস্পতিবার দুপুরের পর থেকে মিরাজকে খোঁজে পাওয়া যাচ্ছিল না বলে তার বাবা কামাল সর্দার জানান।

তিনি বলেন, “আমার তিন সন্তানের মধ্যে মিরাজ সবার বড়। বৃহস্পতিবার দুপুরের পর থেকে মিরাজকে খুঁজে পাওয়া যায়নি। শুক্রবার বাড়ির পশ্চিম পাশে বিলে স্থানীয় লোকজন ভাসমান অবস্থায় একটি লাশ দেখতে পেয়ে আমাকে খবর দেয়। আমি কাছে গিয়ে দেখি, এটা মিরাজের লাশ। পরে থানা পুলিশকে খবর দিলে পুলিশ এসে লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে।”

এ বিষয়ে কচুয়া থানার থানার পরিদর্শক (তদন্ত) লিটন দেওয়ান বলেন, লাশে কোনো প্রকার আঘাতে চিহ্ন পাওয়া যায়নি। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।