১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

বরিশালে নদীতে ভাসা তরমুজ সংগ্রহে গিয়ে নিখোঁজ ছাত্রের লাশ উদ্ধার

নদীতে ভেসে যাওয়া তরমুজ সংগ্রহ করতে রোববার সকালে একটি ছোট নৌকা নিয়ে বের হয়েছিল দুর্জয়।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Apr 2026, 04:36 PM

Updated : 26 Aug 2026, 03:24 PM

বরিশালের সন্ধ্যা নদীতে ভেসে আসা তরমুজ সংগ্রহ করতে গিয়ে নিখোঁজ হওয়া স্কুলছাত্রের লাশ একদিন পর উদ্ধার করা হয়েছে।  

সোমবার সকালে বানারীপাড়া উপজেলার সৈয়দকাঠি ইউনিয়নের বাউলিয়া গ্রাম সংলগ্ন এলাকার নদী থেকে ভাসমান অবস্থায় লাশটি উদ্ধার করা হয় বলে বানারীপাড়া থানার ওসি মজিবুর রহমান জানিয়েছেন।

লাশ উদ্ধার হওয়া দুর্জয় হালদার (১২) উজিরপুর উপজেলার হারতা এলাকার শুকলাল হালদারের ছেলে ও স্থানীয় বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী। 

পরিবার ও স্থানীয়দের বরাতে ওসি মজিবুর রহমান বলেন, চাষিরা অনেক সময় নানা কারণে বিক্রয় অনুপযোগী তরমুজ নদীতে ফেলে দেয়। ভেসে যাওয়া সেসব তরমুজ সংগ্রহ করতে যায় রোববার সকালে একটি ছোট নৌকা নিয়ে বের হয়েছিল দুর্জয়। 

এরপর থেকে তার খোঁজ পাচ্ছিল না পরিবার। পরে সোমবার সকালে বাউলিয়া গ্রাম সংলগ্ন এলাকায় নদীতে তার লাশ ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। তারা খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠিয়েছে। 

এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে বলেও জানান ওসি।