কুষ্টিয়ায় অটোরিকশা চালকের ঝুলন্ত লাশ উদ্ধার, প্রতিবাদে সড়ক অবরোধ
“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী তাকে শ্বাসরোধে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়।”
কুষ্টিয়া সদর উপজেলায় চালককে হত্যার পর অটোরিকশরা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে বলে জানিয়েছে পুলিশ।
শুক্রবার সকাল সাড়ে ৯টায় উপজেলার মোল্লাতেঘড়িয়া এলাকার কুষ্টিয়া-রাজবাড়ী মহাসড়কের পাশ থেকে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় তার লাশ উদ্ধার করা হয় বলে কুষ্টিয়া মডেল থানার ওসি মোশাররফ হোসেন জানিয়েছেন।
নিহত অটোরিকশা চালক রফিকুল ইসলাম (৪৫) শহরের চৌড়হাস আদর্শপাড়া এলাকার বাসিন্দা।
প্রত্যক্ষদর্শীরা বলছেন, বৃহস্পতিবার সন্ধ্যায় প্রতিদিনের মতো রফিকুল বাড়ি থেকে অটোরিকশা নিয়ে বেড়িয়ে যান। এরপর রাত ১০টায় তিনি ফিরে না আসায় পরিবারের লোকজন আশপাশে খোঁজাখুঁজি শুরু করে। কিন্তু রফিকুলের কোনো সন্ধান মেলেনি। পরে রাতেই পরিবারের লোকজন কুষ্টিয়া মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করতে যান।
এরই মধ্যে শুক্রবার সকালে পথচারীরা আরিফুলের লাশ গাছে ঝুলতে দেখে থানায় খবর দেয়।
রফিকুলের লাশ উদ্ধারের খভর ছড়িয়ে পড়লে প্রতিবাদে ক্ষুব্ধ স্থানীয়রা কুষ্টিয়া-রাজবাড়ী সড়ক অবরোধ করে। এতে রাস্তার দুই পাশেই দীর্ঘ যানজট সৃষ্টি হয়। পরে সেনাবাহিনীর গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নিহতের প্রতিবেশী অটোারিকশা চালক রাজু বলেন, “রফিকুল বাসায় না ফেরায় বৃহস্পতিবার রাত থেকেই আমরা খোঁজাখুজি করছিলাম। পরে রাত ১১টার দিকে থানায় গিয়ে জিডি করতে চাইলে পুলিশ বলে কেউ নিখোঁজ হওয়ার পর ২৪ ঘণ্টা পার না হলে কোনো জিডি করা যাবে না।
“এই শুনে আমরা থানা থেকে চলে আসি। সকালে গাছের সঙ্গে ঝুলন্ত অবস্থায় আরিফুলের লাশ পেলেও ওর ব্যাটারি চালিত অটোরিকশাটির কোনো খোঁজ মিলছিল না।”
ওসি মোশাররফ হোসেন বলেন, “অটোারকশা চালকের লাশ লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কোনো সংঘবদ্ধ ছিনতাইকারী তাকে শ্বাসরোধে হত্যা করে গাছে লাশ ঝুলিয়ে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায়। ঘটনাটির তদন্ত করছে পুলিশ।”
এই হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করা হবে বলে এ পুলিশ কর্মকর্তা জানান।
