২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গোপালগঞ্জে সরকারি জমির গাছ বিক্রির অভিযোগ, কাটা গাছ জব্দ

খবর পেয়ে কেটে ফেলা সাতটি গাছ জব্দ; আর বাকি চারটি গাছ কাটতে বাধা দেয় প্রশাসন।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Aug 2026, 09:50 PM

Updated : 11 Sep 2026, 03:52 PM

গোপালগঞ্জের কাশিয়ানীতে সরকারি খাস পুকুরপাড়ে লাগানো ১১টি গাছ প্রশাসনের অনুমতি ছাড়াই বিক্রির অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে।

খবর পেয়ে কেটে ফেলা সাতটি গাছ জব্দ; আর বাকি চারটি গাছ কাটতে বাধা দেয় প্রশাসন। তবে গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করেছেন পুকুর লিজ নেওয়া ব্যক্তি।

বুধবার উপজেলার ফুকরা ইউনিয়নের তারাইল বড় মাঠ এলাকায় এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন কাশিয়ানী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শাহীন মিয়া।

এলাকাবাসী জানান, তারাইল বড় মাঠের পাশে অবস্থিত সরকারি খাস পুকুরপাড়ে দেবদারু, উড়িয়াম, কড়াই ও লাটিমসহ বিভিন্ন প্রজাতির প্রায় ১১টি গাছ ছিল। সরকারি অনুমতি ছাড়াই এসব গাছ একই গ্রামের রিপন শেখের কাছে ২৫ হাজার টাকায় বিক্রি করে দেন সোহেল মোল্যা। 

বুধবার সকালে রিপন শেখ শ্রমিক নিয়ে গাছগুলো কাটতে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। এ সময় স্থানীয়রা গাছ কাটায় বাধা দেন এবং উপজেলা প্রশাসনকে বিষয়টি জানান। পরে স্থানীয় তহশিলদার ঘটনাস্থলে গিয়ে কাটা গাছগুলো উদ্ধার করেন।

গাছ বিক্রির অভিযোগ অস্বীকার করে সোহেল মোল্যা মোবাইলে বলেন, “আমি পুকুরটি লিজ নিয়েছি। সরকারিভাবে নতুন করে গাছ লাগানো হবে বলে পুকুরপাড়ের আগাছা পরিষ্কার করতে বলা হয়েছে। কিন্তু রিপন বড় গাছ কেটে ফেলেছে।”

সোহেল মোল্যার কাছ থেকে ১১টি গাছ ২৫ হাজার টাকায় কিনে নেওয়ার দাবি করেছেন রিপন শেখ। তিনি বলেন, “শ্রমিক নিয়ে গাছ কাটতে এসেছি। সাতটি কাটার পর তহশিলদার এসে বাধা দেন।”

অনুমতি ছাড়া কারও গাছ কাটার এখতিয়ার নেই জানিয়ে ফুকরা ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা নাজমুল হাসান বলেন, “আমি খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে সাতটি কাটা গাছ উদ্ধার করেছি। বাকি চারটি গাছ এখনও কাটা হয়নি। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে প্রতিবেদন পাঠানো হয়েছে।”

ইউএনও শাহীন মিয়া বলেন, উপজেলা সহকারী কমিশনারের (ভূমি) মাধ্যমে বিষয়টি শুনে কাটা গাছগুলো ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তাকে জব্দ করতে নির্দেশ দেওয়া হয়। ঘটনাটি তদন্ত করে পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হবে।