Published : 26 Nov 2025, 02:13 PM
শিক্ষার্থীদের চলাচল সহজ ও সুলভ করতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেকট্রিক কার্ট (ই-কার্ট) সেবা চালু করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশন (রুয়া)।
বুধবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব ও রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান পাঁচটি বৈদ্যুতিক গাড়ির মাধ্যমে এই সেবার উদ্বোধন করেন।
রুয়ার সভাপতি মাওলানা রফিকুল ইসলাম খান বলেন, “রুয়ার নির্বাচিত প্রতিনিধিদের একটি সংস্কার উদ্যোগ হলো এই ই-কার্ট। এটি শিক্ষার্থীদের যাতায়াতের কষ্ট অনেকটাই কমাবে বলে আমরা আশা রাখছি।”
তিনি আরও বলেন, “মেধাবী শিক্ষার্থীদের জন্য বৃত্তির ব্যবস্থা করার বিষয়েও আমাদের পরিকল্পনা রয়েছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবারের সামগ্রিক উন্নয়নের স্বার্থে আমরা সামনেও এমন কাজ করে যাব।”
উপাচার্য অধ্যাপক সালেহ্ হাসান নকীব বলেন, “আমরা ইতোমধ্যেই দেখেছি রুয়া শুধু ই-কার্ট নয়, শিক্ষার্থীদের কল্যাণে আরও বিভিন্ন ধরনের উদ্যোগ নিয়েছে। তাদের পরিবেশবান্ধব কাজের ধারাবাহিকতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেই আমরা প্রত্যাশা করবো।”
এ সংক্রান্ত প্রচারপত্র থেকে জানা যায়, প্রতিদিন সকাল সাড়ে ৮টা থেকে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত ছয়টি রুটে এবং বিকাল ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত পাঁচটি রুটে এসব গাড়ি চলবে।
এসব গাড়িতে একসঙ্গে চড়তে পারবেন ৭ যাত্রী। প্রতিবার ব্যবহারের জন্য শিক্ষার্থীদের গুণতে হবে পাঁচ টাকা।
এ বিষয়ে রাকসুর সহসভাপতি (ভিপি) মোস্তাকুর রহমান জাহিদ বলেন, “আমাদের সম্মিলিত শিক্ষার্থী জোটের নির্বাচনী ইশতেহারের মধ্যে অন্যতম একটি বিষয় ছিল পরিবহন ব্যবস্থা সহজ করা। আমরা সেখানে ই-কার চালুর কথাও বলেছিলাম। রুয়াকে ধন্যবাদ জানাই তাদের মাধ্যমে এটি বাস্তবায়ন হলো।”
রাজশাহী বিশ্ববিদ্যালয় অ্যালামনাসদের সেবামূলক কর্মকাণ্ড পরিচালনার উদ্দেশ্যে ২০১৩ সালে গঠিত হয় ‘রুয়া’।
পরে এ বছরের ২৬ জুলাই প্রথমবারের মতো রুয়া নির্বাচন অনুষ্ঠিত হয়। তবে গঠনতন্ত্র লঙ্ঘনের অভিযোগ এনে বিএনপিপন্থি সদস্যরা এ নির্বাচন বর্জন করেন। ফলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় ২৭ জনসহ মোট ৫১ পদের ৫০টিতেই জয়লাভ করে জামায়াতপন্থিরা সদস্যরা।
রুয়ার নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, বর্তমানে রুয়ার জীবন সদস্য রয়েছেন ৮ হাজার ২৭৫ জন।