২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শরীয়তপুরে পরিত্যক্ত ঘরে মিলল ৪৫ হাতবোমা

ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিট ঘটনাস্থলে এসে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছে পুলিশ।

শরীয়তপুরে পরিত্যক্ত ঘরে মিলল ৪৫ হাতবোমা
শরীয়তপুরের নড়িয়াতে পরিত্যক্ত একটি ঘরে পাঁচটি বালতিতে পাওয়া হাতবোমা।

শরীয়তপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Aug 2025, 08:16 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

শরীয়তপুরের নড়িয়া উপজেলার পরিত্যক্ত একটি ঘরে পাঁচটি বালতিতে রাখা অন্তত ৪৫টি হাতবোমা পাওয়ার কথা জানিয়েছে পুলিশ। এ ঘটনার পর এলাকায় আতঙ্ক ছড়িয়েছে।

বৃহস্পতিবার বেলা ১২টার দিকে উপজেলার মোক্তারের চর ইউনিয়নের পোড়াগাছা পাতালিয়া কান্দি এলাকার ওমান প্রবাসী মিলন মাদবরের পরিত্যক্ত ঘরে এসব পাওয়া যায় বলে জানান নড়িয়া থানার ওসি মো. আসলাম উদ্দিন।

ঢাকা থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি বিশেষ দল ঘটনাস্থলে এসে হাতবোমাগুলো নিষ্ক্রিয় করবে বলে জানিয়েছেন তিনি।

পুলিশ জানান, দুপুরে গোপন খবর পেয়ে পরিত্যক্ত ঘরে অভিযান চালিয়ে পাঁচটি বালতি যাওয়া যায়। এতে ৪০ থেকে ৪৫টি হাতবোমা রয়েছে। ঢাকায় খবর পাঠানো হয়েছে; সেখান থেকে বোম্ব ডিসপোজাল ইউনিটের একটি দল রওনা দিয়েছে। 

ওসি আসলাম উদ্দিন বলেন, “পরিত্যক্ত বাড়িটিতে কেউ থাকেন না। তদন্ত চলছে। এখনি কিছু বলা যাবে না।”

শরীয়তপুরের সহকারী পুলিশ সুপার (নড়িয়া-সার্কেল) আশিক মাহমুদ বলেন, ঘরটি ঘিরে রাখা হয়েছে। বোমা নিষ্ক্রিয়কারী দল রওনা দিয়েছে। তারা এলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। 

এ ঘটনায় জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলে জানান তিনি।