২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫ আশ্বিন ১৪৩৩

গোপালগঞ্জে ইজিবাইক-মাহেন্দ্র সংঘর্ষে শিশু নিহত, আহত ৭

ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে তিন মাসের শিশুটি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়।

গোপালগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2026, 06:10 PM

Updated : 26 Aug 2026, 05:34 PM

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলায় ইজিবাইকের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে তিন মাসের এক শিশুর প্রাণ গেছে; এতে আহত হয়েছে আরও সাতজন।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের চাপরাইল ব্রিজ সংলগ্ন সড়কে এ ঘটনা ঘটে বলে জানান টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী।

নিহত ঋষি মজুমদার ওই ইউনিয়নের জোয়ারিয়া গ্রামের রায়মোহন মজুমদারের ছেলে।

আহতদের মধ্যে তিনজনকে গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।

ওসি আইয়ুব আলী বলেন, যাত্রীবাহী একটি মাহেন্দ্র কোটালীপাড়া থেকে টুঙ্গিপাড়ায় যাচ্ছিল। আর যাত্রীবাহী একটি ইজিবাইক জোয়ারিয়া থেকে কোটালীপাড়ার মাঝবাড়ি যাচ্ছিল। 

পথে ইজিবাইকের সঙ্গে মাহেন্দ্রের মুখোমুখি সংঘর্ষে হয়। এতে ইজিবাইকে থাকা মায়ের কোল থেকে তিন মাসের ঋষি ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যায়। আহত হন আরও সাতজন।

স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে টুঙ্গিপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। তাদের মধ্যে গুরুতর তিনজনকে গোপালগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়। 

এ ঘটনায় আইনি প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।