আশ্রয়ণ প্রকল্পে ঘর দেওয়ার নামে প্রতারণার অভিযোগে যুবক গ্রেপ্তার
“ভূমিহীন ও দুঃস্থ এমন ৪২ জনের কাছ থেকে দুই লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন জামান।”
ময়মনসিংহ সদর উপজেলায় আশ্রয়ণ প্রকল্পে ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা নেওয়ার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করা হয়েছে।
রোববার রাত ১০টার দিকে উপজেলার বাড়েরার পাড় এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান র্যাব-১৪-এর উপ-অধিনায়ক মেজর শিশির মাহমুদ তালুকদার।
গ্রেপ্তার মো. জামান মিয়া (৩৯) বাড়েরার পাড় এলাকার মো. নুরুল ইসলামের ছেলে।
সোমবার দুপুরে এক সংবাদ সম্মেলনে র্যাব উপ-অধিনায়ক বলেন, জামান মিয়া দীর্ঘদিন ধরে ভূমিহীন ও দুঃস্থদের কাছ থেকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার প্রলোভন দেখিয়ে টাকা আদায় করে আসছিলেন। প্রায় ছয় বছর আগে উপজেলার চুরখাই এলাকায় চেয়ারম্যানের কাছে সুপারিশ করে সুমন মিয়া নামে একজনকে আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেন তিনি।
“এজন্য তিনি সুমন মিয়ার কাছ থেকে তিন হাজার টাকা নেন। এই ঘটনার পর থেকে জামান মিয়া আশ্রয়ণ প্রকল্পের ঘর পাইয়ে দেওয়ার কথা বলে টাকা আদায় করে আসছিল বিভিন্ন জনের কাছ থেকে।”
মেজর শিশির মাহমুদ তালুকদার আরও বলেন, ২০১৯ সালে ফুলবাড়িয়া উপজেলার পুটিজানা ইউনিয়নের ভূমিহীন ও দুঃস্থ এমন ৪২ জনের কাছ থেকে দুই লাখ ৯৫ হাজার টাকা আদায় করেন জামান। ভুক্তভোগীরা দীর্ঘদিন অপেক্ষা করেও ঘর না পেয়ে জামানের কাছে টাকা ফেরত চায়। তখন তিনি বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করতে থাকেন। বিষয়টি জানাজানি হলে র্যাব অভিযান চালিয়ে জামানকে গ্রেপ্তার করে।
র্যাব কর্মকর্তা আরও বলেন, জামানের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।
