২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে বিধি ভাঙায় চেয়ারম্যান প্রার্থীর কর্মীকে জরিমানা

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা জানান, নির্বাচনি আচরণবিধি মোতাবেক প্রতীক বরাদ্দের আগে বড় শোডাউন, মিটিং, মিছিল করতে পারবে না।

গাজীপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Apr 2024, 01:38 AM

Updated : 01 Sep 2026, 09:05 PM

নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করায় গাজীপুরের শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের এক চেয়ারম্যান পদপ্রার্থীর কর্মীকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।  

গাজীপুরের সহকারী কমিশনার (নেজারত শাখা) ইশতিয়াক মজনুন ইফতি বলেন, শ্রীপুর ও গাজীপুর সদর উপজেলায় উপজেলা নির্বাচনি কার্যক্রম চলছে।তফসিল অনুযায়ী শ্রীপুর উপজেলার প্রার্থীদের প্রতীক বরাদ্দ করা হবে আগামী ২ মে। এর আগেই নির্বাচনি আচরণবিধি ভঙ্গ করে শ্রীপুর উপজেলার চেয়ারম্যান প্রার্থী জামিল হাসান দূর্জয়ের শনিবার বিকালে গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার এলাকায় সাবাহ্ গার্ডেন নামে একটি রিসোর্টে সভা করার খবর আসে। 

তিনি আরও বলেন, “ভ্রাম্যমাণ আদালত গিয়ে সভার সত্যতা পায়। তখন আক্তারুজ্জামান নামে দূর্জয়ের এক কর্মীকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। সেখানে দূর্জয়ও উপস্থিত ছিলেন।”   

শ্রীপুর উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান পদপ্রার্থী জামিল হাসান প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী রুমানা আলীর বড় ভাই ও গাজীপুর জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক। 

রিটার্নিং অফিসার ও গাজীপুরের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মামুনুল করিম সাংবাদিকদের জানান, বিধি ভঙ্গ করে সভা করার খবর পেয়ে ঘটনাস্থলে ম্যাজিস্ট্রেট পাঠিয়ে অর্থ দণ্ড আদায় করা হয়েছে।

ওই সভায় নির্বাচনি দায়িত্বে তালিকাভুক্ত কোনো শিক্ষক আছে কি-না তা যাচাই করে দেখা হবে। তাদের কেউ সেখানে থাকলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

গাজীপুর জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, নির্বাচনি আচরণবিধি-৫ এর মোতাবেক প্রতীক বরাদ্দের আগে বড় শোডাউন, মিটিং, মিছিল করতে পারবে না। প্রতীক বরাদ্দ না পেয়ে বড় মিটিং করায় জরিমানা করা হয়েছে। আগামী ২ মে ওই উপজেলার প্রতীক বরাদ্দ হবে।