যশোরে পুত্রবধূকে ধর্ষণ মামলায় শ্বশুর গ্রেপ্তার
১৪ এপ্রিল রাতে ওই গৃহবধূকে বাড়ির পেছনে কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করা হয় বলে জানায় পুলিশ।
যশোরের শার্শা উপজেলায় পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে পর মামলার শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার সকালে আসামিকে আদালতে সোপর্দ করা হয় বলে জানান শার্শা থানার ওসি মারুফ হোসেন।
বৃহস্পতিবার বিকালে ঝিনাইদহের মহেশপুর উপজেলার পলানপুর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানান তিনি।
গ্রেপ্তার মিজানুর রহমান গহর (৬৫) শার্শা উপজেলার একঝালা গ্রামের বাসিন্দা।
এর আগে ৯ মে ৩৩ বছর বয়সী ওই গৃহবধূ মিজানুর রহমানকে আসামি করে শার্শা থানায় মামলা করেন।
মামলার বরাতে ওসি মারুফ হোসেন বলেন, “১৪ এপ্রিল রাত আনুমানিক ১০টার দিকে বাড়িতে স্বামী না থাকার সুযোগে ওই গৃহবধূকে বাড়ির পেছনে কলা বাগানে নিয়ে ভয়ভীতি দেখিয়ে ধর্ষণ করেন মিজানুর।”
এ ঘটনায় মামলার পর থেকে মিজানুর পলাতক ছিলেন। পরে যশোর পুলিশ সুপারের নির্দেশে ঘটনার রহস্য উদঘাটন ও আসামিকে গ্রেপ্তারে মাঠে নামে শার্শা থানা-পুলিশ।
তিনি বলেন, তথ্য প্রযুক্তি ও গোপন তথ্যের ভিত্তিতে র্যারের সহযোগিতায় যৌথ অভিযান চালিয়ে মহেশপুর থানার পলানপুর এলাকা থেকে মিজানুরকে গ্রেপ্তার করা হয়।
