২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মহাস্থানগড় থেকে পাচারের সময় ৩০ কেজির বিষ্ণুমূর্তি উদ্ধার

ওসি ইকবাল বাহার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 08:28 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

বগুড়ার শিবগঞ্জ উপজেলা থেকে ৩০ কেজির একটি বিষ্ণুমূর্তি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।  

বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি ইকবাল বাহার বুধবার দুপুরে এক সংবাদ সম্মেলনে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত ৯টায় উপজেলার গড়মহাস্থান দক্ষিণপাড়া এলাকায় রফিকুল ইসলামের বাড়িতে অভিযান চালিয়ে মূর্তিটি উদ্ধার করা হয়। 

এ সময় গ্রেপ্তার দুজন হলেন- বাড়ির মালিক মৃত আব্দুল হামিদের ছেলে রফিকুল ইসলাম (৫৪) এবং সদর উপজেলার নিশিন্দারা পশ্চিমপাড়া এলাকার নাহিদুর রহমান (৩২)। 

ডিবির ওসি বলেন, প্রায় ৩০ কেজি ৭০০ গ্রামের বিষ্ণুমূর্তিটির দৈর্ঘ্য ৩০ ইঞ্চি এবং প্রস্থ ১৪ ইঞ্চি। প্রত্নতাত্ত্বিক নিদর্শন ও মূল্যবান মূর্তি সংগ্রহ করে দীর্ঘদিন ধরে বিদেশে পাচারের সঙ্গে একটি চক্র জড়িত। 

“প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, মূর্তিটি ভারতে পাচারের জন্য সেখানে রাখা হয়েছিল। প্রত্নতত্ত্ব অধিদপ্তরের সঙ্গে যোগাযোগ করে আদালতের নির্দেশনা অনুযায়ী মূর্তিটি তাদের কাছে হস্তান্তর করা হবে।” 

ওসি ইকবাল বাহার বলেন, এ ঘটনায় গ্রেপ্তার দুজনের বিরুদ্ধে চোরাচালানবিরোধী আইনে মামলা হয়েছে।