টিফিনের টাকায় শুরু, আঙুর চাষে প্রথম বছরেই বাজিমাত ফরহাদের
গাজীপুরের শ্রীপুরের তরুণ উদ্যোক্তা মো. ফরহাদ হোসেন মিষ্টি আঙুর চাষ করে প্রথম বছরেই আয় করেছেন প্রায় এক লাখ টাকা।
স্বপ্নটা পুরনো। শৈশবের থেকে শুরু; আর সেই স্বপ্নই এনে দিয়েছে সফলতা।
গাজীপুরের শ্রীপুরের তরুণ উদ্যোক্তা মো. ফরহাদ হোসেন মিষ্টি আঙুর চাষ করে প্রথম বছরেই আয় করেছেন প্রায় এক লাখ টাকা।
স্বাদ ও মানে ভালো হওয়ার কারণে বাজারে প্রচলিত আঙুরের চেয়ে ফরহাদের বাগানের আঙুর বিক্রি হচ্ছে বেশি দামে।
শ্রীপুর উপজেলার খবদার গ্রামের বাসিন্দা ২৮ বছর বয়সী মো. ফরহাদ হোসেন কৃষক পরিবারের সন্তান হওয়ায় কৃষির প্রতি তার আগ্রহ ছিল ছোটবেলা থেকেই।
তৃতীয় শ্রেণিতে পড়ার সময় স্কুলের টিফিনের টাকা জমিয়ে মাত্র ৩০ টাকায় একটি আঙুরের চারা কিনেছিলেন তিনি। এক বছর পর সেই গাছে ফল ধরলেও স্বাদ ছিল টক। সেই অভিজ্ঞতাই তাকে মিষ্টি আঙুর চাষে আগ্রহী করে তোলে।
ফরহাদ বলেন, দীর্ঘদিনের সেই স্বপ্ন বাস্তবায়নে ২০২৫ সালের জানুয়ারিতে তিনি আঙুর চাষের উদ্যোগ নেন। শুরুটা ছিল মাত্র ১২টি চারা দিয়ে। ছয় মাসের মধ্যেই গাছে মিষ্টি জাতের আঙুরের ফলন আসে। এতে অনুপ্রাণিত হয়ে এরপর তিনি আরও প্রায় ২৫টি উন্নত জাতের চারা সংগ্রহ করেন।
বাড়ির পাশের ছোট একটি জায়গায় গড়ে তোলা বাগানে তার খরচ হয়েছে প্রায় দেড় লাখ টাকা। চলতি বছর তিনি প্রায় এক লাখ টাকা আয় করেছেন।
আগামী বছরে এ আয় দুই থেকে তিন লাখ টাকায় পৌঁছাবে বলে আশা ফরহাদের।
ফরহাদ হোসেন তার বাগানের জন্য অধিকাংশ চারা বা ‘কাটিং’ সরাসরি বিদেশ থেকে আমদানি করেছেন। বিশেষ করে রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাজ্য থেকে উন্নত ও মিষ্টি জাতের আঙুরের কাটিং সংগ্রহ করেছেন তিনি। আমদানি করা এই প্রতি পিস চারার পেছনে তার খরচ পড়েছে প্রায় ৩০ থেকে ৪০ ডলার।
বিদেশি চারার পাশাপাশি তিনি দেশীয় আবহাওয়ায় মানানসই জাত সংগ্রহের জন্য রাজশাহীর বিভিন্ন নার্সারি থেকেও চারা সংগ্রহ করেছেন।
তরুণ এই উদ্যোক্তা বলছিলেন, তার বাগানে বারোমাসি জাতের আঙুর চাষ হচ্ছে। এর মধ্যে বাইকুনুর, একুলা, ডিক্সন, গ্রিন লং, ব্ল্যাক ম্যাজিক, ব্ল্যাক জাম্বো, সুপার সোনাকা, অস্ট্রেলিয়ান কিং, ভেলেস, প্রেস্টিজ, ইয়ামিন, ড্রিম অব পর্তুগাল, গোল্ডেন সান মাসকাট, জেসমিন ও গোল্ডেন সিক্রেট ড্রিমসহ প্রায় ২৫টি জাত রয়েছে।
তিনি বলেন, কিছু জাত বারোমাসি হওয়ায় সারা বছরই কমবেশি ফল পাওয়া যায়। আঙুর গাছ দীর্ঘমেয়াদি; একেকটি গাছ ১০০ থেকে ১৫০ বছর পর্যন্ত বেঁচে থাকতে পারে। ফলে এই খাত থেকে নিয়মিত আয়ের সম্ভাবনা রয়েছে।
তার বাগানের আঙুর বাজারে প্রচলিত দামের চেয়েও বেশি দামে বিক্রি হচ্ছে। ভোক্তারা প্রতি কেজি ৮০০ থেকে ১ হাজার টাকা দরে কিনছেন।
দেশে উৎপাদিত নিরাপদ ও মিষ্টি আঙুর জনপ্রিয়তা পাচ্ছে বলেও মনে করেন ফরহাদ।
গাজীপুরের শ্রীপুর উপজেলার গোসিংগা ইউনিয়নের লতিফপুর গ্রামের মো. সাইফুল ইসলাম বলেন, তিনি কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক হিসেবে কর্মরত। আঙুর চাষের প্রতি আগ্রহ থেকে এক বছর আগে রাজশাহী ও চুয়াডাঙ্গাসহ বিভিন্ন এলাকা থেকে শখ করে কয়েকটি আঙুরের চারা রোপণ করেন। ইতোমধ্যে গাছগুলো বেশ ঝোপালো হলেও তাতে কোনো ফলন আসেনি।
সম্প্রতি ইউটিউবে ফরহাদ সাহেবের আঙুরের বাগানে প্রতিটি গাছে প্রচুর ফলন দেখে তিনি শুক্রবার সেখানে গিয়ে ছয়টি চারা ক্রয় করেন। প্রতিটির দাম ২০০ টাকা করে।
সাইফুল বলেন, “ওই গাছগুলোতে প্রথমবারেই ভালো ফলন হয়েছে এবং ফলগুলোও বেশ সুমিষ্ট। গাছের বয়স বাড়ার সঙ্গে সঙ্গে ফলন আরও বাড়বে বলে আশা করছি।”
বরিশালের নাজিরপুর এলাকার স্কুলশিক্ষক প্রভাকর ঢালী বলেন, শিক্ষকতার পাশাপাশি তিনি আঙুর চাষ করেন এবং তার একটি নিজের বাগানও রয়েছে। তিনি ইউটিউবে ফরহাদ মিয়ার আঙুরের বাগানে বিভিন্ন জাতের আঙুর ও ভালো ফলনের ভিডিও দেখে আগ্রহী হন। পরে নিজের বাগানে না থাকা চারটি জাতের আঙুরের চারা অনলাইনে অর্ডার করেন।
এরই মধ্যে তিনি চারাগুলো হাতে পেয়েছেন এবং বাগানে রোপণ করেছেন। কুরিয়ার খরচসহ এজন্য তার প্রায় এক হাজার ১০০ টাকা ব্যয় হয়েছে বলে জানান।
ফরহাদের আঙুর বাগান প্রসঙ্গে জানতে চাইলে শ্রীপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা সুমাইয়া সুলতানা বন্যা বলেন, দেশে আঙুর চাষ একটি সম্ভাবনাময় খাত। এরই মধ্যে বিভিন্ন প্রজাতির মিষ্টি আঙুরের চাষ শুরু হয়েছে, যা কৃষি অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে।
