তারেক রহমানের দেশে ফেরা: মাস্ক, হেলমেট না পরার নির্দেশ
সিরাজগঞ্জ থেকে একটি ট্রেন, ১৪০টি বাস, ১০০টি মাইক্রোবাসসহ বিভিন্ন মাধ্যমে ১৫-২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের দেশে ফেরা উপলক্ষে ঢাকায় যাওয়ার সময় নিরাপত্তার স্বার্থে মাস্ক ও হেলমেট না পরার জন্য নেতাকর্মীদের নির্দেশ দিয়েছে সিরাজগঞ্জ জেলা কমিটি।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চু মঙ্গলবার এ তথ্য জানিয়ে বলেন, সিরাজগঞ্জ থেকে একটি ট্রেন, ১৪০টি বাস, ১০০টি মাইক্রোবাসসহ বিভিন্ন মাধ্যমে ১৫-২০ হাজার নেতাকর্মী ঢাকায় যাবেন।
সদর বাদে আটটি উপজেলা থেকে ১০টি করে মোট ৮০টি বাস বরাদ্দ করা হয়েছে। ২৪ ডিসেম্বর বুধবার রাত ১১টায় জেলা শহরের মালশাপাড়া কবরস্থান এলাকায় ৬০টি বাস প্রস্তুত থাকবে। এসব বাস রাত ১১টার মধ্যে নেতাকর্মীদের নিয়ে ঢাকার পথে রওনা হবে। উপজেলার বাসগুলো পৌরসভা ও ইউনিয়ন ভেদে নিজ নিজ এলাকা থেকে সুবিধাজনক সময়ে রওনা হবেন।
সাইদুর রহমান বাচ্চু বলেন, “তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে দলের প্রতিটি নেতাকর্মীর মধ্যেই ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। তাকে একনজর দেখার জন্য এরই মধ্যে সিরাজগঞ্জের নেতাকর্মীরা দলে দলে ঢাকায় যেতে শুরু করেছেন। তবে নিরাপত্তার স্বার্থে সব নেতাকর্মীকে মুখে মাস্ক এবং মাথায় হেলমেট না পরতে নির্দেশ দেওয়া হয়েছে।
“পাশাপাশি ঢাকায় আসা-যাওয়ার সময় পাশে অপরিচিত কেউ থাকলে তার পরিচয় দায়িত্বশীল নেতাকর্মীর মাধ্যমে নিশ্চিত হতে সবাইকে পরামর্শ দেওয়া হয়েছে।”
জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ বলেন, সিরাজগঞ্জ এক্সপ্রেস ট্রেনে প্রায় ২ হাজার ৫০০ জন নেতাকর্মী ঢাকায় যেতে পারবেন। আর ১৪০টি বাসের প্রতিটিতে ৭০ জন করে যাত্রা করবেন।
