Published : 07 Jul 2026, 09:53 PM
নীলফামারীর জলঢাকা উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে এক কলেজ ছাত্রকে হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মানববন্ধন করেছেন স্বজন ও এলাকাবাসী।
মঙ্গলবার দুপুরে উপজেলার মীরগঞ্জ বাজারে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করা হয়।
নিহত গোলাম কিবরিয়া ইসলাম পিয়েল (২৪) উপজেলার পূর্ব শিমুলবাড়ী এলএসডি গোডাউন এলাকার কফদ্দি মাহমুদের ছেলে। তিনি মীরগঞ্জহাট ডিগ্রি কলেজের বিএ তৃতীয় বর্ষের শিক্ষার্থী ছিলেন।
মানববন্ধনে পিয়েলের বাবা কফদ্দি মাহমুদ, বড় বোন কেয়া লাবনী কনা, কুলসুম আক্তার, মামা খালেকুজ্জামান লেবু, মাহবুব আলম ও স্থানীয় বাসিন্দা সাইদুল ইসলাম বক্তব্য দেন।
বক্তারা বলেন, জমি নিয়ে দীর্ঘদিন ধরে পিয়েলের পরিবারের সঙ্গে তার চাচার পরিবারের বিরোধ চলছিল। এর জেরে ১০ জুন বিকালে উভয়পক্ষের মধ্যে বাগবিতণ্ডা হয়। এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে পিয়েলের ওপর হামলা চালানো হয়।

স্বজনরা তাকে উদ্ধার করে জলঢাকা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। পরে এ ঘটনায় পিয়েলের বাবা জলঢাকা থানায় মামলা করেন।
বক্তাদের অভিযোগ, আসামিদের গ্রেপ্তারে কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না। দ্রুত আসামিদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের দাবি জানান তারা।
জলঢাকা থানার ওসি নাজমুল আলম বলেন, পিয়েল হত্যা মামলায় আসামি ১৩ জন। এর মধ্যে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। দুইজন আদালতে আত্মসমর্পণ করেছেন। তারা সবাই কারাগারে।
মামলার অপর আসামিদের গ্রেপ্তারে পুলিশ, র্যাব ও ডিবি যৌথভাবে অভিযান অব্যাহত রেখেছে বলে জানান তিনি।