১৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩ আশ্বিন ১৪৩৩

একনেকে পদ্মা ব‌্যারেজ অনুমোদনে রাজবাড়ীতে আনন্দ মিছিল

রাজবাড়ীসহ আশপাশের ২৬ জেলার মানুষের জীবনমান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।

রাজবাড়ী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 May 2026, 09:20 PM

Updated : 26 Aug 2026, 03:36 PM

একনেক সভায় পদ্মা ব‌্যারেজের অনুমোদন পাওয়ায় রাজবাড়ীতে আনন্দ মিছিল হয়েছে। 

বুধবার সন্ধ‌্যায় রাজবাড়ী জেলা বিএনপি এই মিছিল করে। মিছিলটি জেলা বিএনপি কার্যালয় থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন এলাকা প্রদক্ষিণ করে মুক্তিযোদ্ধা স্মৃতি চত্বরে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ হয়। 

এ সময় বক্তারা বলেন, পদ্মা ব্যারেজ প্রকল্পের অনুমোদন দক্ষিণ-পশ্চিমাঞ্চলের মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণের পথে একটি ঐতিহাসিক পদক্ষেপ। পাংশা উপজেলার হাবাসপুর ইউনিয়নের চরঝিকরি এলাকায় ব‌্যারেজটি নির্মাণ করা হবে। 

তারা বলেন, এ প্রকল্প বাস্তবায়িত হলে কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি পাবে, নদী ভাঙন রোধে ইতিবাচক ভূমিকা রাখবে এবং অঞ্চলের অর্থনৈতিক উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচিত হবে। 

এ ছাড়া রাজবাড়ীসহ আশপাশের ২৬ জেলার মানুষের জীবনমান উন্নত হবে বলেও আশা প্রকাশ করেন বক্তারা।

তারা পদ্মা ব‌্যারেজ অনুমোদন দেওয়ায় প্রধানমন্ত্রী তারেক রহমানকে ধন‌্যবাদ ও অভিনন্দন জানান। সেই সঙ্গে পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু বাস্তবায়ন প্রকল্প জাতীয় কমিটির সভাপতি সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়মকে ধন‌্যবাদ ও অভিনন্দন জানান।

সভায় বক্তব‌্য দেন রাজবাড়ী জেলা বিএনপির সাবেক আহ্বায়ক নইম আনসারী, সাবেক সদস্যসচিব অধ্যক্ষ মঞ্জুরুল আলম দুলাল, সাবেক যুগ্ম আহ্বায়ক গাজী আহসান হাবিব, সাবেক দপ্তর সম্পাদক এ মজিদ বিশ্বাস।

এদিকে রাত ৮টায় পদ্মা ব্যারেজ ও পদ্মা সেতু বাস্তবায়ন প্রকল্প জাতীয় কমিটির আয়োজনেও আনন্দ মিছিল হয়।