সিলেটে বজ্রপাতে প্রাণ গেল ৬ জনের
বজ্রবৃষ্টি চলাকালে সবাইকে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছে উপজেলা প্রশাসন।
সিলেটের জৈন্তাপুর, কানাইঘাট, গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জ উপজেলায় বজ্রপাতে ছয়জনের মৃত্যু হয়েছে।
শনিবার দুপুরে জৈন্তাপুর ও কানাইঘাটে দুইজন করে এবং গোয়াইনঘাট ও কোম্পানীগঞ্জে একজন করে মারা যান বলে জানিয়েছে সংশ্লিষ্ট থানার পুলিশ ও উপজেলা প্রশাসন।
নিহতরা হলেন- জৈন্তাপুর ইউনিয়নের আগফৌদ গ্রামের নূরুল হকের ছেলে নাহিদ আহমদ (১৩) এবং একই ইউনিয়নের ভিত্রিখেল ববরবন্দ গ্রামের কালা মিয়ার ছেলে আব্দুল মান্নান মনই (৪৫)।
কানাইঘাটে নিহতরা হলেন- উপজেলার লক্ষীপ্রসাদ ইউনিয়নের কেওটিহাওর গ্রামের আব্দুল মিয়ার ছেলে কালা মিয়া (২৮) এবং পৌরসভার ধলইমাটি এলাকার নূর উদ্দিন (৬০)।
অপর নিহত রুকসানা বেগম (৪৭) গোয়াইনঘাট উপজেলার ভিত্তিখেল হাওর এলাকার বাসিন্দা। আরেক নিহত নেজামুল হক (২০) কোম্পানীগঞ্জ উপজেলার পুটামারা গ্রামের বাসিন্দা।
জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উম্মে সালিক রুমাইয়া বলেন, “বজ্রপাতে নিহত দুজনের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তার জন্য তথ্য সংগ্রহ করা হচ্ছে।”
এ ছাড়া বজ্রবৃষ্টি চলাকালে সবাইকে বাড়তি নিরাপত্তা অবলম্বন করে নিরাপদ আশ্রয়ে থাকার অনুরোধ জানিয়েছেন তিনি।
অন্যদিকে শনিবার দুপুরে কানাইঘাট উপজেলায় আলাদা স্থানে বজ্রপাতে দুইজন মারা গেছেন বলে জানান কানাইঘাট থানার ওসি জাহাঙ্গীর হোসেন সরদার।
গোয়াইনঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. তৌহিদুল ইসলাম বলেন, দুপুরে রুকসানা বেগম নিজ বাড়ির পাশে কাজ করছিলেন। এ সময় বজ্রপাতে তিনি মারা যান।
পরে উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ও সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে নিহতের পরিবারকে ২০ হাজার টাকা দেওয়া হয় বলে জানান তিনি।
কোম্পানীগঞ্জ থানার ওসি মোহাম্মদ বদিউজ্জামান জানান, দুপুর সাড়ে ১২টার দিকে নেজামুল নিজের খামার থেকে হাঁস নিয়ে পাশের হাওরে যাচ্ছিলেন। পথে বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি মারা যান।
