২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিরোজপুরে ছুরিকাঘাতে বিএনপি নেতা খুন

নারকেল পাড়া নিয়ে বিরোধ মেটাতে গিয়ে এক যুবককে বিএনপি নেতাকে ছুরিকাঘাতে করেন বলে জানায় পুলিশ।

পিরোজপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Aug 2025, 07:17 PM

Updated : 26 Aug 2026, 02:12 PM

পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায় নারকেল পাড়া নিয়ে বিরোধ মেটাতে গিয়ে প্রতিপক্ষের ছুরিকাঘাতে বিএনপির এক নেতা খুন হয়েছেন।

শুক্রবার সকালে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর শিয়ালকাঠি গ্রামে এ ঘটনা ঘটে বলে জানান ভান্ডারিয়া থানার ওসি মো. জাহাঙ্গির হোসেন। 

নিহত রেজাউল করিম ঝন্টু (৫০) ওই গ্রামের আইউব আলী খলিফার ছেলে। তিনি ভিটাবাড়িয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক ছিলেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, বৃহস্পতিবার দুপুরে শিয়ালকাঠি গ্রামের আব্দুল হালিমের বাড়ি থেকে বেশ কিছু নারকেল পাড়েন একই এলাকার মজিবুর খানের ছেলে রুবেল খান। রাতেই হালিমের ছেলে মাসুদ রানা ঘটনাটি বিএনপি নেতা ঝন্টুকে জানান। 

পরে রাতে রুবেলকে নারকেল ফিরিয়ে দিতে বলেন ঝন্টু। কিন্তু রুবেল তা ফিরিয়ে দিতে অস্বীকৃতি জানালে ঝন্টু সকালে বিষয়টি দেখবে বলে জানান। শুক্রবার সকালে মাসুদ রানাদের বাড়ির সামনে রুবেলকে দেখতে পান ঝন্টু।

এ সময় কিছু বুঝে ওঠার আগেই রুবেল তার সঙ্গে থাকা চাকু দিয়ে ঝন্টুকে কয়েকবার আঘাত করে পালিয়ে যান। এতে ঝন্টু মারাত্মক জখম হন। 

এলাকাবাসী তাকে উদ্ধার করে ভাণ্ডারিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

ওসি জাহাঙ্গির হোসেন বলেন, ঝন্টুর লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। জড়িত রুবেলকে আটকের চেষ্টা চলছে।

এ বিষয়ে জানতে রুবেলের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।