সরকার গঠন হলে দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে: তারেক রহমান
“আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিএনপির সরকার গঠনে সকলকে সহযোগিতা করতে হবে।”
স্বৈরাচার সরকার বিদায় হলেও সরকার গঠনের পর বাংলাদেশের মানুষ স্বাধীনতা ভোগ করতে পারবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
বুধবার বিকালে টাঙ্গাইলের গোপালপুরের সুতী ভিএম মডেল উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও শহর বিএনপির উদ্যোগে আয়োজিত সভায় এ কথা বলেন তিনি। ভার্চুয়ালি এই সমাবেশে যুক্ত হন তিনি।
তারেক রহমান বলেন, “জনগণকে সঙ্গে নিয়ে স্বৈরাচারী সরকারকে বিদায় করতে সক্ষম হয়েছি। এতে আংশিক সমস্যার সমাধান হয়েছে। আগামী দিনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। বিএনপির সরকার গঠনে সকলকে সহযোগিতা করতে হবে।
“সরকার গঠন হলেই নতুন বাংলাদেশ গড়তে সক্ষম হবো; দেশের মানুষ স্বাধীনতা ভোগ করবে।”
স্বৈরাচারী শেখ হাসিনা পালালেও তার প্রেতাত্মারা এখনও আনাচে-কানাচে ঘুরে বেড়াচ্ছে স্মরণ করিয়ে তিনি বলেন, “তারা নতুন কোন ষড়যন্ত্র করতে পারে। তারা বিভিন্ন বিভ্রান্তি ছড়াচ্ছে।
“জনগণের প্রিয় দলের নাম ভাঙিয়ে বিভিন্ন অনৈতিক কাজের সঙ্গে সম্পৃক্ত রয়েছে তারা। শহীদ জিয়ার সৈনিকেরা তাদের রুখে দেবে।”
বিএনপি সরকার গঠন করলে টাঙ্গাইলের শাড়ি, চমচম, পাটজাত পণ্য, আনারস ব্যাপক হারে বিদেশে রপ্তানির উদ্যোগ নেওয়া হবে বলেও জানিয়েছেন তারেক রহমান।
তিনি বলেন, “বিভিন্ন জেলার সম্ভাবনা কাজে লাগিয়ে কর্মসংস্থান সৃষ্টি করা হবে। আগামীর বাংলাদেশ হবে সম্ভাবনা ও কর্মসংস্থানের। মধুপুরের আনারস রপ্তান্তির পাশাপাশি চাষিদের সহযোগিতা করা হবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিএনপি'র ভাইস চেয়ারম্যান আহমেদ আযম খান। এতে প্রধান বক্তা ছিলেন বিএনপি'র কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু।
বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আব্দুস সালাম পিন্টুসহ সব রাজবন্দিদের মিথ্যা মামলা প্রত্যাহার ও নিঃশর্ত মুক্তির দাবিতে গোপালপুর উপজেলা ও পৌর বিএনপি এই সভার আয়োজন করে।
