১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২ আশ্বিন ১৪৩৩

ভোলার মেঘনায় ধরা পড়ল ২ কেজির ইলিশ, সাড়ে ৮ হাজারে বিক্রি

স্থানীয় বাজারে মাছটি ‘রাজা ইলিশ’ নামে পরিচিত।

ভোলা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Aug 2026, 07:18 PM

Updated : 11 Sep 2026, 03:53 PM

ভোলার মনপুরা উপজেলার মেঘনা নদীতে জেলের জালে একটি দুই কেজি ওজনের ইলিশ ধরা পড়েছে। ‘রাজা ইলিশ’ নামে পরিচিত মাছটি নিলামে সাড়ে আট হাজার টাকায় বিক্রি করা হয়।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার রামনেওয়াজ ঘাটের বাচ্চু চৌধুরী মৎস্য আড়তে মাছটি নিলামে তোলা হয়। স্থানীয় ব্যবসায়ী মো. ফিরোজ বেপারী নিলামে সর্বোচ্চ দর দিয়ে মাছটি কিনে নেন।

জেলে কিরণ মাঝি বলেন, ভোরে মেঘনা নদীতে জাল ফেলে মাছ ধরার সময় অন্যান্য ছোট ইলিশের সঙ্গে বড় আকারের মাছটি ধরা পড়ে। পরে মাছটি অন্যান্য ইলিশের সঙ্গে ঘাটে নিয়ে নিলামে বিক্রি করেন তিনি।

মাছ ব্যবসায়ী ফিরোজ বেপারী বলেন, নিলামে কয়েকজন ব্যবসায়ী অংশ নেন। পরে তিনি আট হাজার ৫০০ টাকা দিয়ে মাছটি কিনে নেন। ইলিশটি ঢাকার কারওয়ান বাজারে পাঠানো হবে। সেখানে প্রায় ১০ হাজার টাকায় বিক্রি হবে বলে আশা করছেন তিনি।

মনপুরা উপজেলা মৎস্য কর্মকর্তা জয়ন্ত কুমার অপু সাংবাদিকদের বলেন, বর্তমানে মেঘনায় ইলিশের কিছুটা সংকট রয়েছে। এর মধ্যে বড় আকারের ইলিশ ধরা পড়ার বিষয়টি আনন্দের।

সামনে বৃষ্টিপাত হলে মেঘনায় আরও বড় আকারের ইলিশ ধরা পড়বে বলে আশা এই মৎস্য কর্মকর্তার।