২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাকসুতেও হাতে গণনা চায় ছাত্রদলসহ ৩ সংগঠন

ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা ছাড়াও ১২ দফা দাবি তুলে ধরা হয়।

রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Sep 2025, 06:44 PM

Updated : 26 Aug 2026, 02:17 PM

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু), সিনেট ছাত্র প্রতিনিধি ও হল সংসদ নির্বাচনে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনাসহ ১২ দফা দাবি জানিয়েছে ছাত্রদলসহ তিন সংগঠন।

শনিবার বিকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট চত্বরে ১২ দফা দাবি তুলে ধরেন ছাত্র অধিকার পরিষদের সভাপতি মেহেদী হাসান মারুফ।

মারুফ ছাত্র অধিকার পরিষদ ও ছাত্র ফেডারেশন সম্মিলিত ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ নামে প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে পাঠ করেন ছাত্রদল সমর্থিত প্যানেল থেকে সহ-সভাপতি (ভিপি) প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর।

দাবিগুলো হলো-  স্বচ্ছ ব্যালট বাক্সের ব্যবস্থা, ভোট গ্রহণের শুরুতে সাংবাদিক ও প্রার্থীর এজেন্টদের সামনে ব্যালট বাক্স উন্মোচন, ভোটারদের আঙ্গুলে উচ্চমানসম্পন্ন অমোচনীয় কালির ব্যবস্থা, এক দিনের মধ্যে ছবিসহ ভোটার তালিকা প্রকাশ করা, ভোট গণনার স্বচ্ছতার জন্য ম্যানুয়াল পদ্ধতিতে গণনা, প্রার্থীদের নির্বাচনী খরচ ও পোস্টারের সংখ্যা নির্দিষ্ট করা।

নির্বাচনী ব্যালট ছাপানো, বাঁধাই, নাম্বারিং করা পর্যন্ত এজেন্টের উপস্থিতি নিশ্চিত করা, পর্যাপ্ত সংখ্যক বুথের ব্যবস্থা, ডিজিটাল বোর্ডে ভোটার নম্বরসহ প্রকাশনা প্রদর্শন, সাইবার বুলিং সেল কার্যকর এবং ভোটের দিন ভোটারদের ব্যালট লিস্ট না ধরিয়ে দেওয়ার দাবি জানানো হয়েছে।

এ ছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ গ্রুপ, রাজশাহী বিশ্ববিদ্যালয় নিউজ ২৪ সহ বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক সব পেজ ও গ্রুপ নিষিদ্ধের দাবি জানিয়েছে প্যানেল দুটি।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী শেখ নূর উদ্দিন আবীর বলেন, “তফসিল ঘোষণার পর থেকে নির্বাচন কমিশনের দুর্বলতা প্রকাশ পেয়েছে। কমিশনের এই দুর্বলতা আমাদের অনিশ্চয়তার দিকে ঠেলে দিচ্ছে।”

তিনি বলেন, “ছাত্রশিবির কোনো রকম আচরণবিধির ন্যূনতম তোয়াক্কা করছে না। তারা হলে হলে শিক্ষার্থীদের মধ্যে আতর বিলি, হলে পানির ট্যাংক বসানো, খিচুরি পার্টি, মুড়ি পার্টিসহ শিক্ষার্থীদের নানান উপঢৌকনের মাধ্যমে প্রভাবিত করার চেষ্টা করছে। 

“যার ফলে আমরা দেখছি টাকা যার, ভোট তার নীতির প্রবর্তন হচ্ছে। এটা সুস্পষ্ট আচরণবিধির লঙ্ঘন। আমরা আমাদের জায়গা থেকে বহুবার অভিযোগ দিলেও কমিশন কোনো ব্যবস্থা গ্রহণ করেনি। এভাবে চলতে থাকলে রাকসু নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষভাবে আয়োজন সম্ভব হবে না।”

নির্বাচন কমিশন ব্যালট নম্বর প্রদানের ক্ষেত্রে ছাত্রশিবিরকে বাড়তি সুবিধা দিয়েছে; যা সম্পূর্ণ পক্ষপাতমূলক আচরণ বলে মনে করেন ছাত্রদল নেতা আবীর।

সংবাদ সম্মেলনে ছাত্রদল সমর্থিত প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী নাফিউল জীবন, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী জাহিন বিশ্বাস এষা ও ‘রাকসু ফর রেডিক্যাল চেঞ্জ’ প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) প্রার্থী আফরীন জাহান, সহসাধারণ সম্পাদক (এজিএস) প্রার্থী আল শাহরিয়া শুভসহ অন্য প্রার্থীরা উপস্থিত ছিলেন।

২৮ জুলাই রাকসু নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়। সংশোধিত তফসিল অনুযায়ী শনিবার মনোনয়নপত্র প্রত্যাহার শেষ হয়েছে। রোববার চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।

২৫ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের সব অ্যাকাডেমিক ভবনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।