২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে ডেঙ্গুতে একদিনে তিন মৃত্যু

গত ২৪ ঘণ্টায় নতুন করে ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।

বরিশাল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Oct 2024, 06:59 PM

Updated : 26 Aug 2026, 10:46 AM

বরিশালে ডেঙ্গু আক্রান্ত হয়ে একদিনে তিনজনের মৃত্যু হয়েছে। 

মঙ্গলবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ওই তিনজনের মৃত্যু হয়েছে বলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল জানিয়েছেন। 

মারা যাওয়া রোগীরা হলেন- বরিশালের মুলাদী উপজেলার নাছিমা (৩৫) ও আমেনা (৬০) এবং বানারীপাড়া উপজেলার তারিফ খান (১৫)। 

তারা বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। 

ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে এ নিয়ে বরিশাল বিভাগে ৩২ জন রোগীর মৃত্যু হল। 

এর মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন ২৫ জন। 

এছাড়াও বরগুনায় দুইজন, পিরেজপুরে দুইজন, পটুয়াখালীতে দুইজন ও ভোলায় একজনের মৃত্যু হয়েছে।

গত ২৪ ঘণ্টায় নতুন করে আরো ১০৪ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভাগের বিভিন্ন সরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন। 

তাদের মধ্যে বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জন, পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে আটজন, বরিশাল জেলার বিভিন্ন হাসপাতালে ২৭ জন, পটুয়াখালীতে সাতজন, ভোলায় নয়জন, পিরোজপুরে ১২ জন ও বরগুনায় ২৬ জনকে ভর্তি করা হয়। 

তবে গত দুইদিন ঝালকাঠি জেলার কোনো হাসপাতালে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কোনো রোগী ভর্তি হননি। 

বিভাগীয় স্বাস্থ্য দপ্তরের তথ্যানুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত বরিশাল বিভাগের হাসপাতালগুলোতে ৪ হাজার ৬৩৩ ডেঙ্গুরোগী ভর্তি হয়েছেন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪ হাজার ২৯১ জন।