২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে খুনের মামলা প্রত্যাহারে বিএনপি নেতার ‘জোর সুপারিশ’

আবু সাঈদ চাঁদ বলেন, “এটা পারিবারিক নাকি রাজনৈতিক মামলা, সেটা এলাকায় গিয়ে খোঁজ নেন।”

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Oct 2025, 08:39 PM

Updated : 26 Aug 2026, 02:25 PM

রাজশাহীর চারঘাট উপজেলায় দেড় দশক আগে পারিবারিক বিরোধের জেরে হত্যার ঘটনায় করা মামলাকে ‘রাজনৈতিক মামলা’ দেখিয়ে প্রত্যাহারের আবেদন করার অভিযোগ ওঠেছে।  

মামলার বাদীপক্ষ অভিযোগ করেছেন, আসামিপক্ষের সেই আবেদনে ‘জোর সুপারিশ’ করেছেন জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। 

অভিযোগের বিষয়ে কেনো মন্তব্য না করে আবু সাঈদ এলাকায় খোঁজ নেওয়ার পরামর্শ দিয়েছেন।

সোমবার দুপুরে রাজশাহী সিটি প্রেস ক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে বাদীপক্ষ দাবি করেছে, মামলাটি রাজনৈতিক নয়; বরং দীর্ঘদিনের জমি-সংক্রান্ত পারিবারিক বিরোধ থেকেই হত্যাকাণ্ডটি ঘটে।

মামলার এজাহারের বরাতে সংবাদ সম্মেলনে বাদী রঞ্জু আহমেদ বলেছেন, ২০০৯ সালের ৬ অক্টোবর তিনি, তার ভাই মন্টু আহমেদ ও বাবা শামসুল হক মোটরসাইকেলে করে রায়পুর গ্রাম থেকে বাজারে যাচ্ছিলেন। পথে প্রতিপক্ষ তাদের উপর হামলা চালায়। এতে মন্টু আহমেদ নিহত হন এবং বাবা শামসুল হক আহত হন। 

পরদিন ২১ জনের বিরুদ্ধে চারঘাট থানায় হত্যা মামলা করা হয়। মামলাটি বর্তমানে রাজশাহীর অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালত-৩ এ বিচারাধীন। সাক্ষ্যগ্রহণ শেষ হয়ে যুক্তিতর্কের জন্য ১৪ অক্টোবর দিন নির্ধারিত রয়েছে।

বাদী রঞ্জু আহমেদ বলেন, “এ অবস্থায় ৩০ জুন আসামিরা মামলাটিকে ‘রাজনৈতিক’ উল্লেখ করে জেলা প্রশাসকের কাছে প্রত্যাহারের আবেদন করেন। সেই আবেদনে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ স্বাক্ষর করে ‘জোর সুপারিশ করছি’ মন্তব্য করেন।” 

বাদীর অভিযোগ, বিএনপি নেতা টাকার বিনিময়ে এই সুপারিশ দিয়েছেন।

রঞ্জু আহমেদ বলেন, “মামলার কোনো পর্যায়ে রাজনৈতিক প্রভাব বা দলীয় সংঘর্ষের বিষয় নেই। আমি নিজেও বিএনপির কর্মী এবং মহানগর বিএনপির সাবেক আহ্বায়ক এরশাদ আলী ঈশা শুরু থেকেই মামলাটির আইনজীবী হিসেবে যুক্ত আছেন। তা সত্ত্বেও জেলা আহ্বায়ক চাঁদ আসামিদের পক্ষে অবস্থান নিয়েছেন।”

তিনি আরও বলেন, এমনকি তাকেও ৫০ লাখ টাকার বিনিময়ে আপসের প্রস্তাব দেওয়া হয়। এতে রাজি না হওয়ায় তিনি ও তার পরিবার ভয়-ভীতির মধ্যে রয়েছেন।

রঞ্জু আহমেদ এরই মধ্যে জেলা প্রশাসক, স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও বিএনপির হাইকমান্ডের কাছে লিখিতভাবে আপত্তি জানিয়েছেন। 

সংবাদ সম্মেলনে নিহত মন্টু আহমেদের স্ত্রী লাভলী বেগম ও সন্তানরাও উপস্থিত ছিলেন। তারা মামলাটি প্রত্যাহার না করার এবং ন্যায়বিচার নিশ্চিত করার দাবি জানান।

এ ব্যাপারে যোগাযোগ করা হলে মামলার অন্যতম আসামি ইমদাদুল হক ওরফে আবু তালেব বলেন, “আমরা বিএনপি করি বলেই মামলায় আসামি করা হয়েছিল। এখন চাঁদ চেয়ারম্যান আমাদের পক্ষ থেকে সুপারিশ করেছেন।”

অভিযোগের বিষয়ে জানতে চাইলে জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ বলেন, “এই বিষয়ে আমার কোনো মন্তব্য নেই। এটা পারিবারিক নাকি রাজনৈতিক মামলা, সেটা এলাকায় গিয়ে খোঁজ নেন।”