মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি বাছির উদ্দিন জুয়েল মারা গেছেন
জুয়েল (৫২) মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছিলেন।
মুন্সীগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মীর বাছির উদ্দিন জুয়েল আর নেই।
পরিবারের সদস্যরা জানিয়েছেন, রোববার রাত দেড়টার দিকে ঢাকার জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
মীর বাছির উদ্দিন জুয়েল (৫২) মাছরাঙা টেলিভিশন ও দৈনিক ইত্তেফাকের জেলা প্রতিনিধি ছিলেন। তিনি স্ত্রী, দেড় বছরের এক ছেলেসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সময় টেলিভিশনের জ্যেষ্ঠ প্রতিবেদক মীর নাসিরউদ্দিন উজ্জ্বলের বড় ভাই।
সোমবার দুপুরে মুন্সীগঞ্জ কেন্দ্রীয় শহর জামে মসজিদে তার প্রথম জানাজা হয়। পরে মুন্সীগঞ্জ প্রেস ক্লাব চত্বরে সহকর্মী, বিভিন্ন সংগঠন ও জেলা পুলিশ তার প্রতি শ্রদ্ধা জানায়।
বাদ জোহর টঙ্গীবাড়ি উপজেলার বাহেরপাড়া গ্রামে জুয়েলের দ্বিতীয় জানাজা হয়। পরে তাকে গ্রামের সামাজিক কবরস্থানে দাফন করা হয়।
