Published : 06 Jul 2026, 10:13 PM
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর উপজেলায় পল্লী বিদ্যুতের ছিঁড়ে তারে বিদ্যুৎস্পৃষ্ট ছেলেকে বাঁচাতে গিয়ে বাবা ও মাও মারা গেছেন বলে জানিয়েছে পুলিশ।
সোমবার দুপুরে উপজেলার অনন্তপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার।
নিহতরা হলেন- ওই গ্রামের নূরুল আমিন (৬৫), তার স্ত্রী ফাতেমা আক্তার (৫০) এবং তাদের ছেলে ফরহাদ শাহ (৩০)।
স্বজনরা জানান, নুরুল আমিন ও তার ছেলে ফরহাদ গ্রামের বাড়িতে একটি মুদি দোকান পরিচালনা করেন। দুপুরে দোকান সংস্কারের কাজ করছিলেন ফরহাদ। তাদের দোকানের উপর দিয়ে পল্লী বিদ্যুতের লাইন গেছে।
এ সময় দোকান ঘরের চালে টিন লাগানোর সময় পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে পড়লে বিদ্যুৎস্পৃষ্ট হন ফরহাদ। ছেলের চিৎকার শুনে এগিয়ে যান নূরুল আমিন ও ফাতেমা বেগম। ছেলেকে বাঁচাতে গিয়ে তারাও বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পড়েন।
পরে প্রতিবেশী ও স্বজনরা তাদের উদ্ধার করে বিশ্বম্ভরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন। এ ঘটনার জন্য পল্লী বিদ্যুতের ঝুঁকিপূর্ণ তারকে দায়ী করেছেন স্বজনরা।
ফরহাদের মামা ফয়েজ আহমদ সাংবাদিকদের বলেন, “দোকানে কাজ করার সময় বাড়ির উপর দিয়ে যাওয়া পল্লী বিদ্যুতের তার ছিঁড়ে এ দুর্ঘটনা ঘটে।”
অতিরিক্ত পুলিশ সুপার সুজন সরকার বলেন, পুলিশের পক্ষ থেকে খোঁজ খবর নিয়ে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।
এ বিষয়ে জানতে সুনামগঞ্জ পল্লী বিদ্যুতের জেনারেল ম্যানেজার মৃণাল কুমার কুণ্ডর মোবাইলে ফোন করা হলে তিনি ধরেননি।