তরুণ প্রজন্মকে লেখাপড়ায় বেশি গুরুত্ব দিতে হবে: ফখরুল
“ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল”, বলেন তিনি।
তরুণ প্রজন্মকে লেখাপড়া সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেছেন, “তরুণ প্রজন্ম এখন অনেক বেশি প্রযুক্তির সঙ্গে সম্পৃক্ত। তারা অনেক বেশি জানে। কিন্তু এই জানাটার কখনও শেষ নাই। এ জন্য তরুণ প্রজন্মকে লেখাপড়ার দিকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে।”
শুক্রবার বিকালে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার একটি রিসোর্টে ঢাকা কলেজের রি-ইউনিয়নে গিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।
১৯৬৩-৬৫ ব্যাচে ঢাকা কলেজে পড়াশোনা করেছেন বিএনপি নেতা মির্জা ফখরুল।
সেই সময়ের স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, “আমি ঢাকা কলেজে প্রাগৈতিহাসিক যুগে লেখাপড়া করেছি। সেই সময়কার অনেক বন্ধুদের আজকে এখানে পেয়েছি। তখনকার সময় আর এখনকার সময় অনেক পার্থক্য। চিন্তা, ভাবনা, প্রযুক্তি এবং জেনারেশনে বিরাট পার্থক্য।”
ঢাকা কলেজের শিক্ষার্থী হিসেবে গর্ববোধ করে মির্জা ফখরুল বলেন, “সেই কলেজ থেকে অনেক কিছু শিখেছি, দেখেছি। ঢাকা কলেজ থেকে ছাত্র রাজনীতির ভালো অভিজ্ঞতা রয়েছে। সব মিলিয়ে ঢাকা কলেজের জীবন আনন্দময় ছিল।”
অনুষ্ঠানে ঢাকা কলেজ সংসদের সাবেক ভিপি রি-ইউনিয়ন পরিচালনা কমিটির আহ্বায়ক মীর সরফত আলী সপুর সভাপতিত্বে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী এবং বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর উপস্থিত ছিলেন।
