২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ফেনীতে ছাত্র আন্দোলনে হামলার মামলায় ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

এ ছাড়া চাঁদাবাজির মামলায় দুই যুবদল নেতাকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী।

ফেনী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2024, 10:05 PM

Updated : 10 Sep 2026, 12:18 PM

ফেনীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার মামলায় এক ছাত্রলীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।  

মঙ্গলবার মধ্যরাতে সদর উপজেলার লেমুয়ার তেরোবাড়ীয়া ইসমাইল কাজী বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ফেনী মডেল থানার ওসি মুহাম্মদ রুহুল আমিন জানান। 

গ্রেপ্তার আব্দুর রহমান শামীম (২১) সদর উপজেলার লেমুয়া এলাকার সালেহ আহাম্মদের ছেলে। তিনি লেমুয়া ইউনিয়ন ছাত্রলীগের রাজনীতিতে সক্রিয় ছিলেন বলে পুলিশ জানিয়েছে।

মামলার বরাতে পুলিশ জানায়, ১৯ জুলাই শহরের বড় মসজিদ এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় ফেনী মডেল থানায় দায়ের করা দুটি মামলায় এজাহারভুক্ত আসামি আব্দুর রহমান শামীম। 

ওসি মুহাম্মদ রুহুল আমিন বলেন, শামীমকে দুই মামলায় গ্রেপ্তার দেখিয়ে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।  

২ যুবদল নেতা গ্রেপ্তার

এদিকে জেলার সোনাগাজীতে যৌথ বাহিনী অভিযান চালিয়ে অস্ত্র উদ্ধার এবং একাধিক আসামি গ্রেপ্তার হয়েছে। 

গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে উপজেলার চরচান্দিয়া ইউনিয়ন থেকে পরিত্যাক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি পাইপগান উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছেন সেনাবাহিনীর ফেনীর দায়িত্বরত মেজর ফাহিম মোনায়েম। 

তিনি বলেন, অপর আরেক অভিযানে উপজেলার ডাকবাংলা এলাকা থেকে দুই যুবদল কর্মীকে গ্রেপ্তার করা হয়।

তারা হলেন- সোনাগাজী উপজেলা যুবদলের সদস্যসচিব ইমাম হোসেন প্রবীরের ভাই মো. সাইদুর রহমান ও মো. সেলিম। 

তারা উপজেলা যুবদলের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত বলে জানান সোনাগাজী মডেল থানার ওসি মো. কামরুজ্জামান। 

তিনি বলেন, আওয়ামী লীগ সরকারের পতনের পর থেকে উপজেলার বিভিন্ন স্থানে চাঁদাবাজি, লুটপাটসহ বিভিন্ন অভিযোগ উঠেছে দুই যুবদলকর্মীর বিরুদ্ধে। 

সেলিমের বিরুদ্ধে সোনাগাজী থানায় হত্যা, অবৈধ অস্ত্র, ডাকাতি, চাঁদাবাজিসহ মোট সাতটি মামলা রয়েছে। আর সাইদুর রহমানের বিরুদ্ধে ডাকাতির মামলা রয়েছে। তাদেরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে জানান ওসি।