২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মুন্সীগঞ্জে নিখোঁজের ১২ দিন পর বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার

“তার সঙ্গে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকত। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।”

মুন্সীগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Aug 2025, 09:15 PM

Updated : 26 Aug 2026, 01:34 PM

মুন্সীগঞ্জের গজারিয়া উপজেলায় নিখোঁজের ১২ দিন পর ধানক্ষেত থেকে এক বাকপ্রতিবন্ধীর লাশ উদ্ধার করেছে পুলিশ। 

মঙ্গলবার উপজেলার ভবেরচরের নয়াকান্দি গ্রামের পশ্চিম চকের হান্দার বাড়ি এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয় বলে গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ জানান।  

নিহত রবিউল আউয়াল (৫৪) উপজেলার নয়াকান্দি গ্রামের সোনা মিয়া সওদাগরের ছেলে। 

স্বজনদের বরাতে পুলিশ জানায়, রবিউল আউয়াল বড়ভাই জিলানীর বাসায় থাকতেন। কৃষিকাজ, দিনমজুরি করে জীবিকা নির্বাহ করতেন তিনি। অন্যান্য দিনের মত ১ অগাস্ট সকালে বাড়ি থেকে বের হন রবিউল। সন্ধ্যায় বাসায় না ফিরলে খোঁজাখুঁজি শুরু হয়। 

মঙ্গলবার এক জেলে দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে ধান ক্ষেতে একটি লাশ দেখতে পান। পরে স্বজনরা গিয়ে রবিউল আউয়ালের লাশ শনাক্ত করেন।

নিহত রবিউল আউয়ালের বড় ভাই জিলানি বলেন, “লাশটি যেখানে পাওয়া গেছে সেখানে হাঁটু পরিমাণ পানি। এখানে ডুবে কারো মৃত্যু হওয়ার কথা নয়। আমার ভাই কথা বলতে পারতেন না, তার অন্য কোনো সমস্যা ছিল না। তার সঙ্গে সবসময় ২০-৩০ হাজার টাকা থাকত। তাকে কেউ হত্যা করেছে বলে ধারণা করছি আমরা।”

গজারিয়া থানার ওসি আনোয়ার আলম আজাদ বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।