Published : 10 May 2026, 04:50 PM
টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার এক যুবককে দক্ষিণ আফ্রিকায় গুলি করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিজ গাড়ির ভেতরে থাকা অবস্থায় সন্ত্রাসীরা তাকে লক্ষ্য করে গুলি চালায় বলে জানান স্বজনরা।
শনিবার স্থানীয় সময় বিকালে দক্ষিণ আফ্রিকার কেজেডএন কোয়াজুলু নাটাল প্রদেশের নিউক্যাসেল শহরে এ ঘটনা ঘটে বলে মির্জাপুর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানিয়েছেন রোববার।
নিহত ৩৫ বছর বয়সী মো. সুমন মিয়া উপজেলার বাঁশতৈল ইউনিয়নের অভিরামপুর গ্রামের মইজ উদ্দিনের ছেলে।
সুমনের বড় ভাই জালাল মিয়া, সুমন প্রায় ১৪ থেকে ১৫ বছর আগে পরিবারের সচ্ছলতা ফেরাতে দক্ষিণ আফ্রিকায় পাড়ি জমান। সেখানে কঠোর পরিশ্রমের মাধ্যমে নিউ ক্যাসেল শহরের কাছে নিজের ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলেন। তিনি সফলতার সঙ্গে ব্যবসা পরিচালনা করে আসছিলেন।
“ঘটনার দিন ব্যাবসায়িক কাজে মালামাল ক্রয়ের জন্য সুমন শহরে যায়। মালামাল নিয়ে ফেরার পথে একদল সশস্ত্র সন্ত্রাসী তার গাড়ির গতিরোধ করে। এ সময় কাছ থেকে তাকে গুলি করা হয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়”, বলেন তিনি।
তিনি বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, সে বিষয়ে এখনো বিস্তারিত কিছু জানা যায়নি। সুমন তিন বছর আগে দেশে ফিরে বিয়ে করেন। তার ঘরে দুই বছরের ছেলে সন্তান রয়েছে।
সুমনের মৃত্যুর খবর দেশে পৌঁছালে স্বজনদের শোকের মাতম শুরু হয়। এ ঘটনায় তার পরিবার ও এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
নিহতের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বাঁশতৈল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হেলাল দেওয়ান বলেন, সুমন অত্যন্ত ভদ্র ও পরিশ্রমী ছেলে ছিল। বিদেশে থেকে পরিবারের জন্য অনেক কষ্ট করেছে। তার এমন মর্মান্তিক মৃত্যু মেনে নিতে পারছে না কেউ।
সুমনের লাশ দ্রুত দেশে আনার জন্য সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তিনি।
ওসি আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে নিহতের বাড়িতে পুলিশ পাঠানো হয়েছিল। বিষয়টি তদন্ত করা হচ্ছে। লাশ বাংলাদেশে নিয়ে আসতে পরিবারকে সহযোগিতা করা হবে।