২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মানিকগঞ্জে মামাতো বোনের স্বামীকে হত্যা, ভাই-বোনের যাবজ্জীবন

২০১৪ সালের ২২ অক্টোবর কাশেদ আলীকে কুপিয়ে হত্যার পর লাশ পাট ক্ষেতে পুঁতে রাখা হয় বলে জানান পিপি।

মানিকগঞ্জে মামাতো বোনের স্বামীকে হত্যা, ভাই-বোনের যাবজ্জীবন
মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত।

মানিকগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2026, 03:33 PM

Updated : 26 Aug 2026, 03:04 PM

মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় মামাতো বোনের স্বামীকে কুপিয়ে হত্যার দায়ে দুইজনকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত; যারা সম্পর্কে ভাই-বোন। এ ছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় খালাস পেয়েছেন এক আসামি।

সোমবার মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালতের বিচারক এস কে এম তোফায়ের হাসান আসামিদের অনুপস্থিতে এ রায় ঘোষণা করেন বলে জানান রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) নুরতাজ আলম বাহার। 

দণ্ড পাওয়ারা হলেন- সাহেদা বেগম (৩২) ও তার ভাই মো. লিয়াকত আলী (৪৫)। তারা উপজেলার কানাইনগর এলাকার প্রয়াত জয়নাল পালের সন্তান। খালাস পেয়েছেন মো. আজমত মিয়া।

মামলার বরাতে পিপি নুরতাজ আলম বলেন, ২০১৪ সালের ২২ অক্টোবর সাহেদা ও লিয়াকত আলী তাদের মামাতো বোনের স্বামী কাশেদ আলীকে কুপিয়ে হত্যা করেন। পরে লাশ পাট ক্ষেতে পুঁতে রাখা হয়। ঘটনার পরদিন কাশেদ আলীর স্ত্রী সিংগাইর থানায় হত্যা মামলা করেন।

২০১৫ সালের ২২ জুলাই সিংগাইর থানার তৎকালীন এসআই রুহুল আমিন তদন্ত শেষে সাহেদা, লিয়াকত আলী ও আজমত মিয়াকে আসামি করে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। 

২২ জনের সাক্ষ্যগ্রহণ শেষে সাহেদা ও লিয়াকতকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়; এ ছাড়া অপর আসামি খালাস পান বলে জানান রাষ্ট্রপক্ষের আইনজীবী নুরতাজ।