২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শেরপুরে মালিঝি নদীতে ভাসছিল অজ্ঞাত নারীর লাশ

সম্প্রতি পাহাড়ি ঢলে মাটি চাপা পড়ে ওই নারী নিহত হয়েছেন বলে ধারণা করেছে পুলিশ।

শেরপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2025, 03:45 PM

Updated : 26 Aug 2026, 02:21 PM

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার মালিঝি নদীতে উজান থেকে ভেসে আসা অজ্ঞাত পরিচয় এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 

সোমবার রাত ৮টার দিকে উপজেলার যোগানিয়া ইউনিয়নের ভাটিগাংপাড় নদী থেকে লাশটি উদ্ধার করা হয় বলে জানান নালিতাবাড়ী থানার ওসি মো. সোহেল রানা।

মাঝবয়সি ওই নারী একজন আদিবাসী ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, উজান থেকে আসা অর্ধগলিত লাশটি সোমবার সন্ধ্যায় নদীতে ভাসতে দেখে স্থানীয়রা। নদীতে প্রবল স্রোত থাকায় স্থানীয়রা লাশটি উদ্ধার করতে ব্যর্থ হন। এরপর লাশটি ভাসতে ভাসতে ভাটির দিকে যেতে থাকে। খবর পেয়ে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় লাশটি উদ্ধার করে।

মঙ্গলবার দুপুরে ওসি সোহেল রানা বলেন, লাশের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে লাশটি আদিবাসী নারীর। ময়নাতদন্তের পর লাশটি মাটিচাপা দেওয়া হতে পারে।

সম্প্রতি পাহাড়ি ঢলে মাটি ধসে চাপা পড়ে ওই নারী নিহত হয়েছেন; পরে লাশটি নদীতে ভেসে আসে। সীমান্তবর্তী হওয়ায় লাশটি ভারতীয় নাগরিকেরও হতে পারে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।

এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানান ওসি সোহেল রানা।