২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিলেট শাহী ঈদগাহে প্রধান জামাত সকাল ৮টায়

কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে।

সিলেট প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 04 Jun 2025, 06:31 PM

Updated : 26 Aug 2026, 01:08 PM

সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে কোরবানির ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায়।

বুধবার বিকালে এ তথ্য জানিয়েছেন শাহী ঈদগাহ কমিটির সেক্রেটারি মো. কামাল মিয়া কামরান।   

তিনি বলেন, জামাতের আগে কোরবানির ঈদের তাৎপর্য বিষয়ক বয়ান পেশ করবেন বন্দরবাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মাওলানা মুশতাক আহমদ খান এবং নামাজে ইমামতি করবেন একই মসজিদের ইমাম মাওলানা মুফতি জুনায়েদ আহমদ। 

নগরীর বন্দরবাজার এলাকার কুদরত উল্লাহ জামে মসজিদে ঈদের তিনটি জামাত অনুষ্ঠিত হবে। প্রথম জামাত সকাল ৭টায়, দ্বিতীয় জামাত সকাল ৮টায় ও তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। 

বিকালে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছেন কুদরত উল্লাহ মসজিদ কমপ্লেক্সের সেক্রেটারি মুকতাবিস উন নূর।

এতে বলা হয়েছে, ‘প্রথম জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব শায়খ সাঈদ বিন নুরুজ্জামান আল মাদানী, দ্বিতীয় জামাতে ইমামতি করবেন মসজিদের ইমাম ও খতিব হাফিজ মাওলানা মিফতাহ উদ্দিন আহমদ এবং তৃতীয় জামাতে ইমামতি করবেন হাফিজ মাওলানা হোসাইন আহমদ। 

সিলেটের সরকারি আলীয়া মাদ্রাসা মাঠে আনজুমানে খেদমতে কুরআন সিলেটের উদ্যোগে সকাল সাড়ে ৭টায় জামাত অনুষ্ঠিত হবে। এখানে জামাতে ইমামতি করবেন অধ্যক্ষ মাওলানা আব্দুস সালাম আল মাদানী। জামাতে মহিলা ও শিশুদের জন্য আলাদা প্যান্ডেলের ব্যবস্থা থাকবে।