Published : 14 Nov 2025, 02:56 PM
কুড়িগ্রামে ‘নাশকতা বিরোধী বিশেষ অভিযান’ চালিয়ে গত ২৪ ঘণ্টায় কার্যক্রমে নিষিদ্ধ আওয়ামী লীগের ১২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া অফিসার ও অতিরিক্ত পুলিশ সুপার মো. আশরাফুল আলম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, “তথাকথিত লকডাউনকে কেন্দ্র করে জেলার বিভিন্ন থানায় নাশকতা সৃষ্টি ও সহিংস কর্মকাণ্ডের অভিযোগে গত তিন দিনে বিশেষ অভিযানে কুড়িগ্রাম জেলা পুলিশ মোট ৫১ জন অপরাধীকে বিভিন্ন মামলায় গ্রেপ্তার করা হয়েছে।”
শুক্রবার গ্রেপ্তার আসামিরা হলেন- নাগেশ্বরী নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. লিটন মিয়া, কুড়িগ্রাম সদর কাঁঠালবাড়ি ৪ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নুর মোহাম্মদ (৫৫), রৌমারী সরকারি ডিগ্রী কলেজের নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী জিন্নাহ সুজন (৩৯), রৌমারী উপজেলা ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক মো. ইমরান হোসেন (২৭), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. রেজাউল করিম (৪২), কুড়িগ্রাম সদর ৫ নম্বর ভাঙ্গামোড় ২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের -সভাপতি নুর ইসলাম (৫২), ১ নম্বর ফুলবাড়ী উপজেলা শাখা আওয়ামী যুবলীগের দপ্তর সম্পাদক আশরাফুল হক মণ্ডল (৩৮), ফুলবাড়ী ডিগ্রী কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম-আহবায়ক মো. সুমন পোদ্দার (৩৭), রাজারহাট ৮ নম্বর ওয়ার্ড ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গোপাল চন্দ্র বসুনিয়া (৬০), ভূরুঙ্গামারী তিলাই ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. জহির উদ্দিন (৪০), নাগেশ্বরী মুজিব সেনা ঐক্য লীগের সভাপতি আশরাফুল আলম (৪২) ও রায়গঞ্জ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ দুলাল মিয়া (৪৫)।
জেলার আইনশৃঙ্খলা রক্ষায় এ অভিযান নিয়মিত চলবে বলে অতিরিক্ত পুলিশ সুপার আশরাফুল আলম জানান।